সেমিফাইনালের দৌড়ে এগিয়ে প্রোটিয়ারা, ভারত আছে কোথায়? দেখে নিন মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডিএলএস (DLS) পদ্ধতিতে বিশাল জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে পরাজিত করার পরই পয়েন্ট টেবিলে (ICC Women’s World Cup Points Table) বড়সড় লাফ দিয়েছে প্রোটিয়া নারী দল।

বৃষ্টির কারণে খেলা ২০ ওভারে নামিয়ে আনা হলে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত ২০ ওভারের অনেক আগেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার নারী দল।

পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার অবস্থান:

শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভের পর দক্ষিণ আফ্রিকার মহিলা দল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এখনও পর্যন্ত মোট ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জয় ও ১টিতে পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৮। ফলে সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল প্রোটিয়া দল। তবে তাদের নেট রান রেট -০.৪৪০।

অস্ট্রেলিয়া সেমিফাইনালে:

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার মহিলা দল। শুধু তাই নয়, তালিকার মগডালে থেকেই তারা বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে নিয়েছে। এখনও পর্যন্ত মোট ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জয় ও ১টিতে পরাজয় নিয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯। তাদের নেট রান রেট +১.৮১৮, যা সবচেয়ে বেশি।

ভারতের স্থান কততে?

পয়েন্ট টেবিলের ঠিক চতুর্থ স্থানে রয়েছে ভারত। হরমনপ্রীত কৌরের দল এখনও পর্যন্ত ৪ ম্যাচের দুটিতে জয় ও দুটিতে পরাজয় নিয়ে ৪ পয়েন্টে দৌড়াচ্ছে। তবে ভারতের নেট রান রেট (+০.৬৮২) তুলনামূলকভাবে ভালো।

এছাড়া, তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৭। ভারতের পরে পঞ্চম স্থানে নিউজিল্যান্ড (পয়েন্ট ৩), ষষ্ঠ স্থানে বাংলাদেশ (পয়েন্ট ২), সপ্তম স্থানে শ্রীলঙ্কা (পয়েন্ট ২) এবং একেবারে তলানিতে রয়েছে পাকিস্তান (পয়েন্ট ১)।