চিনা টাকায় রাশিয়ার তেলের পেমেন্ট মেটাচ্ছে ভারত, চ্যালেঞ্জের মুখে আমেরিকার ডলার

বিশ্ব অর্থনীতিতে আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে এবার বড় পদক্ষেপ নিল ভারত। BRICS জোটকে শক্তিশালী করার পাশাপাশি ডলারের ওপর নির্ভরতা কমাতে এবার রাশিয়ার তেলের জন্য চিনা মুদ্রা ইউয়ানে পেমেন্ট করল ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা Indian Oil Corporation (IOC)। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার সঙ্গে ভারতের মোট ডিলের সামান্য অংশ এই ইউয়ানে পেমেন্ট করা হলেও, এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের বাড়বাড়ন্তের অবসান ঘটাতে সাহায্য করতে পারে। এতে আমেরিকার অর্থনীতি কিছুটা হলেও ক্ষতির মুখে পড়তে পারে।

দীর্ঘদিন ধরেই আমেরিকা, বিশেষত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, ভারত, চিন এবং রাশিয়ার ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেছে এবং শুল্ক আরোপ করেছে, যা দেশগুলির অর্থনীতিতে আঘাত হেনেছে। এই দাদাগিরি আর মেনে নিতে রাজি নয় এই তিন দেশ।

সাম্প্রতিক ইউয়ানে পেমেন্টের মাধ্যমে ভারত যেন স্পষ্ট বার্তা দিল যে, তারা আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করছে না। পাশাপাশি এই পদক্ষেপ ভারত-চিন সম্পর্কের উষ্ণতা ফেরানোর এবং ভারত, চিন ও রাশিয়ার সমন্বয়ে একটি নতুন বিশ্বশক্তির অক্ষ (BRICS)-কে মজবুত করার ইঙ্গিত দিচ্ছে।

জানা গেছে, সম্প্রতি ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা Indian Oil Corporation (IOC) রাশিয়ার তেলের জন্য চিনা টাকা ইউয়ানে পেমেন্ট করেছে। ২০২৩ সাল থেকে সরকারি সংস্থাগুলি পেমেন্টের জন্য চিনা টাকা ব্যবহার না করলেও, এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউয়ানের মাধ্যমে পেমেন্ট শুরু করল।

বর্তমানে চিনের ১ ইউয়ানের মূল্য ভারতীয় টাকায় প্রায় ১২.৩৪ টাকা। এই পদক্ষেপের মাধ্যমে ভারত আসলে মার্কিন ডলারের ওপর বিশ্বজুড়ে যে একতরফা নির্ভরতা, তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার কমলে মার্কিন অর্থনীতিতে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে বড় ঘোষণা করলেও, ভারতের বিদেশ মন্ত্রক সেই দাবি উড়িয়ে দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, দেশের স্বার্থে যেটা ভালো হবে, সরকার সেটাই করবে।