‘কবুল হ্যায় x৩’! ২৫ বছরেই বিয়ে সারলেন ‘দঙ্গল’ খ্যাত প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিম, পাত্র কে?

অভিনয় জগতে পা রেখেই সাড়া ফেলে দিয়েছিলেন। কিন্তু ধর্মীয় বিশ্বাসের কারণে মাত্র ১৮ বছর বয়সে বলিউডকে চিরতরে বিদায় জানান ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। সব ছেড়ে অন্তরালে যাওয়া সেই জায়রা এবার ফের খবরের শিরোনামে। খবর, ২৪ বছর বয়সি জায়রা ওয়াসিম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে জায়রা ওয়াসিম নিজেই তাঁর বিবাহের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি বিবাহের আইনি নথিতে স্বাক্ষর করছেন। সেই ছবিতে তাঁর হাতের গাঢ় মেহেন্দি এবং আংটি স্পষ্ট চোখে পড়ছে। অন্য ছবিটি চাঁদ দেখার, যেখানে লাল ওড়নায় মাথা ঢাকা নববধূর পাশে ক্রিম রঙের শেরওয়ানি-শাল পরিহিত একজন পুরুষকে দেখা যাচ্ছে।
ছবি দুটি পোস্ট করে জায়রা বিশেষ কিছু না লিখে সংক্ষিপ্ত ক্যাপশনে শুধু লেখেন, ‘কবুল হ্যায় x3’। ইসলাম ধর্মে জীবনসঙ্গীকে গ্রহণের মুহূর্তে তিন বার ‘কবুল হ্যায়’ বলতে হয়, সেই রীতি মেনেই এই ঘোষণা।
ছবি সামনে আসার পরই শুভেচ্ছাবার্তায় ভরে যায় জায়রার সোশ্যাল মিডিয়া। একজন অনুরাগী লেখেন, ‘আল্লাহ্-র জন্য সব কিছু ত্যাগ করার শক্তি আপনার আছে। আপনি আমাকে অনুপ্রেরণা জোগান। জীবনের নতুন অধ্যায়ে শান্তি পান আপনি।’ তবে এই অল্প বয়সে বিয়ে করার কী তাড়া ছিল, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। যদিও জায়রা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে বলিউডে সাড়া ফেলে দেন জায়রা। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘দ্য স্কাই ইজ পিঙ্কে’র মতো ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। কিন্তু ২০১৯ সালে সকলকে অবাক করে অভিনয় থেকে সরে দাঁড়ান জায়রা। তিনি তখন জানিয়েছিলেন, অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তাঁর ধর্মবিশ্বাসের সংঘাত বাধছিল, তাই তিনি ‘ইমান’ থেকে সরে এসেছেন।