অতীত ভুলে প্রেমে মশগুল গীতশ্রী! প্রেমিক প্রবীরের সঙ্গে সমুদ্রের তীরে কী করলেন অভিনেত্রী?

টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায় এবং তারকা ফুটবলার প্রবীর দাসের রসায়ন সবসময়ই চর্চায় থাকে। সম্প্রতি তাঁদের একটি রোম্যান্টিক রিলস ভিডিও নতুন করে নেটিজেনদের নজর কাড়ল। সমুদ্রসৈকতে বাংলা রোম্যান্টিক গানে যুগলবন্দি হয়ে গীতশ্রী ও প্রবীর প্রমাণ করলেন, তাঁদের ভালোবাসায় বয়সের ফারাক বা অতীত— কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না।
সাদা পোশাকে সমুদ্রের তীরে প্রবীর ও গীতশ্রীকে দেখা গেল ‘পারব না আমি ছাড়তে তোকে’ গানে। গানে-গানে প্রবীরের ফিল্মি কায়দায় প্রেমিকাকে ইম্প্রেস করার চেষ্টা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টেলিপাড়ার অনেক তারকা ও ভক্তরা এই জুটির কেমিস্ট্রি দেখে প্রশংসায় পঞ্চমুখ।
প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটির প্রেম এখন পরিণতির অপেক্ষায়। গত বছর মলদ্বীপে ভ্রমণের সময় প্রবীর যখন বিয়ের প্রস্তাব দেন, তখন গীতশ্রী সানন্দে ‘হ্যাঁ’ বলে দিয়েছিলেন। যদিও বিয়ের পিঁড়িতে বসার জন্য হাতে কিছুটা সময় নিতে চান তাঁরা। প্রবীরের খেলার ব্যস্ত সিজন শেষে মে-জুন মাসে দুজনে সময় বের করে ঘুরে আসেন বিভিন্ন জায়গায়, এবারও তার ব্যতিক্রম হয়নি।
ফুটবলার প্রবীর দাসের ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে অনেক বিতর্ক ছিল, যা আদালত পর্যন্ত গড়িয়েছিল। তবে গীতশ্রী বরাবরই প্রবীরের অতীত নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। বরং, নিজের ও প্রবীরের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দিকেই বেশি আগ্রহী তিনি। গীতশ্রী থেকে বয়সে ৩ বছরের ছোট হওয়া সত্ত্বেও তাঁদের বোঝাপড়ায় কোনো খামতি নেই বলে দাবি অভিনেত্রীর।
‘রাশি’ ধারাবাহিক দিয়ে খ্যাতি পাওয়া গীতশ্রী বর্তমানে অভিনয়ের পাশাপাশি ব্যবসায় মন দিয়েছেন। সম্প্রতি হৃষিকেশে গিয়ে যোগাভ্যাস ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে নতুন করে গড়ে তুলছেন অভিনেত্রী। অভিনয়ে পার্শ্বচরিত্রে কাজ করলেও ব্যক্তিগত জীবনে নতুন উদ্যমে পথ চলা শুরু করেছেন তিনি।