খুনের অভিযুক্তদের ব্যাগেই কি গুপ্তধন? হায়াত হোটেলের সামনে উদ্ধার রহস্যজনক ব্যাগ, খুলতেই হাড়হিম কাণ্ড!

রাজস্থানের এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় গুজরাতের দুষ্কৃতীদের কলকাতায় এসে গা ঢাকা দেওয়ার চেষ্টার পর এবার সল্টলেকে আরও এক চাঞ্চল্যকর ঘটনা। গতকাল যেখানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল, সল্টলেক হায়াত হোটেলের কাছে সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই দুষ্কৃতীদের বলে অনুমান করা দুটি ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগের মধ্যে কী রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুন করে গুজরাতের চার দুষ্কৃতী কলকাতায় এসে লুকিয়ে থাকার পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য ছিল এখান থেকে অন্য রাজ্য বা দেশে পালিয়ে যাওয়া। বৃহস্পতিবার কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা ফুলবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের মধ্যে তিনজনকে পাকড়াও করে। যদিও একজন দুষ্কৃতী এখনও পলাতক।
পুলিশের সূত্র জানাচ্ছে, এই অভিযানের পর বৃহস্পতিবার সল্টলেক হায়াত হোটেলের কাছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ব্যাগগুলি ধৃত অভিযুক্তদেরই। অন্য রাজ্য থেকে আসার সময় অথবা গা ঢাকা দেওয়ার সময় দ্রুত পালানোর তাড়ায় ব্যাগগুলি তারা ফেলে রেখে গিয়েছিল।
তবে এই ব্যাগের মধ্যে কী রয়েছে, তা নিয়েই রহস্য দানা বেঁধেছে। ব্যাগে অপরাধ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য, আগ্নেয়াস্ত্র, নাকি খুনের পর লুঠ করা জিনিসপত্র রয়েছে—সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যাগের রহস্য উদঘাটন হলে গোটা ঘটনার ওপর আরও আলোকপাত হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ফুলবাগান থেকে সল্টলেকে পালিয়ে যাওয়া এক দুষ্কৃতী পূর্বাচল আবাসনের পাঁচিল টপকে ঢুকে পড়ে এবং এক অধ্যাপকের ফ্ল্যাটে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। যদিও শেষ রক্ষা হয়নি। স্থানীয়দের তৎপরতা এবং পুলিশের চেষ্টায় ওই এলাকা থেকেই পরে আরও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।