পুরনো ৪ জন ছাড়া সবাই নতুন! মোদী-শাহের গুজরাটে দ্বিতীয়বার শপথ নিলেন ২৫ মন্ত্রী, কারা পেলেন জায়গা?

গুজরাটে বিজেপি সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘটিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করা হল। শুক্রবার রাজভবনে রাজ্যপাল আচার্য দেবব্রতের উপস্থিতিতে ২৫ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ডেপুটি বা উপমুখ্যমন্ত্রী হিসেবে এবার দায়িত্ব পেলেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সঙ্ঘভি। এই রদবদলে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা, যিনি প্রথমবার মন্ত্রিত্বের পদে বসলেন।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থীকে ১ লক্ষেরও বেশি ভোটে হারিয়ে বিপুল জয় পেয়েছিলেন তরুণ নেতা হর্ষ সঙ্ঘভি। এবার তাঁর হাতেই রাজ্যের উপমুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হলো।
নতুন মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার বেশ কিছু পরিচিত মুখ ফিরে এসেছেন। এঁদের মধ্যে রয়েছেন ঋষিকেশ প্যাটেল, কানুভাই দেশাই, কুনভারজি বাভালিয়া, প্রশোত্তম সোলাঙ্কি, প্রফুল পানসেরিয়া এবং হর্ষ সঙ্ঘভি নিজে। এঁদের মধ্যে চারজন— ঋষিকেশ প্যাটেল, কানুভাই দেশাই, কুনভারজি বাভালিয়া এবং প্রশোত্তম সোলাঙ্কি—তাঁদের আগের দফতরেই থাকায় নতুন করে শপথ নিতে হয়নি।
অন্যদিকে, মন্ত্রিসভায় নতুনভাবে যোগ দিলেন ১৯ জন নেতা। এই তালিকায় রয়েছেন ত্রিকম ছাং, স্বরূপজি ঠাকোর, প্রভিন মালি, পি সি বারান্ডা, দর্শনা ভাগেলা, কান্তিলাল আমৃতিয়া, অর্জুন মোধভাড়িয়া, প্রদ্যুম্ন বাঝা, কৌশিক ভেকারিয়া, জিতেন্দ্রভাই ভাগানি, রমনভাই সোলাঙ্কি, কমলেশভাই প্যাটেল, সঞ্জয় সিং মহিদা, রমেশভাই কাটারা, প্রফুল পানসেরিয়া, মনীষা বকিল, ইশ্বরসিং প্যাটেল, ড. জয়রামভাই গামিত এবং নরেশভাই প্যাটেল।
নতুন মন্ত্রিসভায় জাতিগত ভারসাম্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২৫ জন সদস্যের মধ্যে ৮ জন ওবিসি, ৬ জন পাটিদার, ৪ জন আদিবাসী, ৩ জন তফশিলি জাতি, ২ জন ক্ষত্রিয় এবং ১ জন ব্রাহ্মণ ও ১ জন জৈন সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন।
উল্লেখ্য, গুজরাট বিধানসভার মোট ১৮২টি আসনের মধ্যে নিয়মানুযায়ী সর্বাধিক ২৭ জন মন্ত্রী থাকতে পারেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ২০২২ সালের ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন এবং সম্প্রতি তাঁর সরকার পাঁচ বছর পূর্ণ করেছে। শপথের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ছাড়া বাকি ১৬ জন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরের পর এটিই গুজরাটে সবচেয়ে বড় মন্ত্রিসভার রদবদল।