‘হাল ছেড়ে দিলেই ব্যর্থতা!’ অস্ট্রেলিয়ায় পা রেখেই বিরাট কোহলির রহস্যজনক পোস্ট, অবসরের ইঙ্গিত?

ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়, কিং কোহলি (Virat Kohli) কি এবার সত্যিই একদিনের ক্রিকেট থেকেও বিদায় নিতে চলেছেন? অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর বিরাট কোহলির একটি রহস্যজনক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ক্রিকেট মহলে ফের বড় জল্পনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে পার্থে নামার পর সোশ্যাল মিডিয়ায় কোহলি মাত্র ১৩ শব্দের এক বার্তা লেখেন: “যখন তুমি হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নাও, তখনই তুমি সত্যিকার অর্থে ব্যর্থ হও।” (When you decide to give up, that’s when you truly fail)

এই সংক্ষিপ্ত বার্তাটি এখন ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রে। একদল বিশেষজ্ঞ বলছেন, এটি সম্ভবত বিরাটের শেষ অস্ট্রেলিয়া সফর এবং তাঁর অবসরেরই ইঙ্গিত। আবার অন্য পক্ষের মতে, এই পোস্ট কোহলির চিরন্তন লড়াকু মনোভাবের প্রতিফলন। এর মাধ্যমে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন, ফর্ম বা সমালোচনা যাই হোক না কেন, তিনি এখনও হাল ছাড়ছেন না।

তবে একটি বিষয় স্পষ্ট, বিরাটের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ক্রমেই ঘনীভূত হচ্ছে। যদিও জানা গিয়েছে, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইতে তিনি খেলবেন, তবুও তাঁর ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের পরিকল্পনা জল্পনা আরও বাড়াচ্ছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, নির্বাচকরা ২০২৭ বিশ্বকাপের জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে (Rohli-Kohli) আর দলে রাখার পরিকল্পনা করছেন না। যদি অস্ট্রেলিয়া সফরে এই ‘রো-কো’ জুটি প্রত্যাশিত সাফল্য না পান, তাহলে এই দুই তারকার জন্য জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।

যদিও পারফরম্যান্সের পরিসংখ্যান এখনও অন্য কথাই বলছে। একদিনের ক্রিকেটে বিরাট কোহলি ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩০২ ম্যাচে তাঁর সংগ্রহ ১৪,১৮১ রান, গড় ৫৭.৮৮ এবং স্ট্রাইক রেট ৯৩-এর বেশি। তাঁর ঝুলিতে আছে ৫১টি সেঞ্চুরি ও ৭৪টি হাফ সেঞ্চুরি।

এই বছরও সাতটি ওডিআইতে তিনি করেছেন ২৭৫ রান, যার মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রেকর্ড আরও নজরকাড়া: ২৯ ম্যাচে ৫১.০৩ গড়ে করেছেন ১৩২৭ রান, রয়েছে পাঁচটি সেঞ্চুরি এবং ছ’টি হাফ সেঞ্চুরি। এই পরিস্থিতিতে কোহলির এই বার্তা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের দিকেই ইঙ্গিত করছে।