গুজরাট মন্ত্রিসভায় বিরাট রদবদল, মন্ত্রী হলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা!

পূর্বঘোষণা অনুযায়ী, শুক্রবার সকালেই বিজেপি নেতৃত্বাধীন গুজরাট মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। এই নতুন মন্ত্রিসভায় সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলেন তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। উত্তর জামনগরের বিধায়ক রিভাবা জাদেজা ২০১৯ সালে ভারতীয় জনতা দলে যোগ দেন। এদিন সকালেই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের অনুরোধ জানান।

মন্ত্রিসভার এই ব্যাপক রদবদলে রিভাবা জাদেজার অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২২ সালের বিধানসভা ভোটে তিনি উত্তর জামনগর কেন্দ্র থেকে প্রায় ৫০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তাঁর এই জয় নিশ্চিত করতে ভোট প্রচারে সক্রিয় অংশ নিয়েছিলেন স্বামী রবীন্দ্র জাদেজা। রিভাবা নিকটতম প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির প্রার্থীকে হারিয়েছিলেন। ওই ভোটে আপ পেয়েছিল ২৩ শতাংশ ভোট, যেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল মাত্র ১৫.৫ শতাংশ।

কেন এই রদবদল?

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বিজেপি শাসিত গুজরাটের সকল মন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় একযোগে পদত্যাগ করেন। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মন্ত্রিসভার ১৬ জন সদস্য ইস্তফা দেন। এর মধ্যে ছিলেন ৮ জন ক্যাবিনেট মন্ত্রী এবং বাকিরা রাষ্ট্রমন্ত্রী। ১৮২ সদস্যবিশিষ্ট গুজরাট বিধানসভার নিরিখে প্রায় ২৭ জন মন্ত্রী হওয়ার কথা।

বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভার সম্প্রসারণ করে অন্তত ১০ জন নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে। বর্তমান মন্ত্রীদের অন্তত অর্ধেককে সরিয়ে দেওয়া হতে পারে। গতকাল মুখ্যমন্ত্রীর বাসভবনে এক বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সকল মন্ত্রীকে ইস্তফাপত্র তুলে দিতে বলা হয়।

বিধানসভা নির্বাচনের প্রায় দুই বছর আগে এই ব্যাপক রদবদলের প্রধান কারণ, মন্ত্রিসভায় নতুন ও তরতাজা মুখ আনা এবং জাত ও আঞ্চলিক প্রতিনিধিত্বের মধ্যে ভারসাম্য তৈরি করা। সাধারণত, ভোটের ঠিক আগে সরকার বিরোধী হাওয়া (Anti-Incumbency) সামাল দিতে দল স্বচ্ছ ভাবমূর্তি এবং আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে আসে। শোনা যাচ্ছে, মাত্র ৫-৬ জন মন্ত্রী ফের দায়িত্ব ফিরে পেতে পারেন, তবে তাঁদের সকলেরই দফতর বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন গুজরাট মন্ত্রিসভা আজ শুক্রবার গান্ধীনগরের মহাত্মা মন্দিরে বেলা সাড়ে ১১টায় শপথ নেবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার।