মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ার ‘শাস্তি’! প্রতিবাদীর বাড়ির বাইরে রাখা গাড়িতে আগুন, খড়গপুরে চরম আতঙ্ক

প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক মহিলার গাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ, শুক্রবার (১৭ অক্টোবর, ২০২৫) ভোর সাড়ে তিনটে নাগাদ খড়গপুরের গোলখুলি এলাকায় রুকিয়া বিবির গাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর তিনি এবং তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

রুকিয়া বিবির অভিযোগ, ইন্দা, পাঁচবেড়িয়া, কাজিমহল্লা এবং খড়গপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে প্রকাশ্যে মাদক বিক্রি হয় এবং আগ্নেয়াস্ত্র নিয়ে অনেক যুবক ঘোরাঘুরি করে। গতকাল স্থানীয়রা এর প্রতিবাদ করে এবং শেখ শাকিল ও শেখ কুরবান নামে দুই অভিযুক্তকে খড়গপুর টাউন থানার হাতে তুলে দেয়। এরপরেই প্রতিশোধ নিতে রুকিয়া বিবির গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে প্রকাশ্যে অসামাজিক কাজের প্রতিবাদ করায় রাজ্যের বিভিন্ন প্রান্তে হামলার ঘটনা ঘটেছে। গত ৮ সেপ্টেম্বর একবালপুরে মদের আসরের প্রতিবাদ করায় ধনরাজ প্রসাদ নামে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল। চারদিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। একইভাবে সেপ্টেম্বরে মালদাতেও জুয়ার ঠেকের প্রতিবাদ করায় বাড়িতে ভাঙচুর এবং বাড়ির মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। প্রতিবাদীদের উপর দুষ্কৃতীদের এই ধরনের লাগাতার হামলা রাজ্যের আইনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।