ভারতের গর্ব দিঘার মেয়ে! মালয়েশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সোনা জয় করে ঘরে ফিরল বাংলার কন্যা সমাপ্তি জানা

ভারতের জন্য গর্ব বয়ে আনল পূর্ব মেদিনীপুরের দিঘার ছোট্ট মেয়ে সমাপ্তি জানা। মালয়েশিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগা ২০২৫ প্রতিযোগিতায় ট্র্যাডিশনাল ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে ভোগী ব্রহ্মপুর গ্রামের এই কৃতি কন্যা। তাঁর এই অভূতপূর্ব সাফল্যে খুশি গোটা দিঘা এবং রাজ্যবাসী।
গত ১৩ই অক্টোবর কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের মোট ৪০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন দিঘার ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সমাপ্তি জানা। সেখানেই সবাইকে টেক্কা দিয়ে সে সেরা স্থানটি ছিনিয়ে নেয়।
এদিন দিঘায় নামতেই সমাপ্তিকে স্থানীয়দের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়। প্রদিমা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চন্দ তাঁকে ফুলের স্তবক, মিষ্টি এবং আর্থিক সাহায্য তুলে দেন। তিনি বলেন, “এই মেয়ে শুধু আমাদের দিঘার নয়, গোটা রাজ্যের গর্ব। ভবিষ্যতে যদি সে আরও বৃহত্তর জায়গায় যেতে চায়, আমরা তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।” দিঘায় আসার পর সমাপ্তিকে ট্যাবলো করে গোটা শহরে পরিক্রমা করানো হয়, পর্যটকরাও তাঁকে অভিনন্দন জানান।
সমাপ্তির বাবা রোহিনী জানা সামান্য একজন হোটেল কর্মী এবং মা রিনা জানা গৃহবধূ। মেয়ের এই সাফল্যে তাঁরা আবেগাপ্লুত। রোহিনীবাবু বলেন, “ও আমার কাছে সোনার মেয়ে। কারণ সে ভারত ও দিঘার মুখ উজ্জ্বল করেছে।” সমাপ্তির যোগাসন প্রশিক্ষক বিজয় পালও তাঁর ছাত্রীর সাফল্যে গর্বিত। তিনি বলেন, “আমি ন্যাশনাল পর্যায়ে খেলাধূলা করেছি, কিন্তু আমার ছাত্রী আজ ইন্টারন্যাশনাল পর্যায়ে সোনা জয় করেছে। মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে, তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিলে তারা আরও অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে।”
সমাপ্তির বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দলাই জানান, মেয়েটি পড়াশোনাতেও প্রথম স্থান অধিকার করে, তাই পড়াশোনার মতোই যোগাসন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় তাঁরা গর্বিত।