ডার্বি জ্বর তুঙ্গে! IFA শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, বিনামূল্যে দেখবেন কীভাবে?

IFA শিল্ডের ফাইনালে বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (East Bengal Vs Mohun Bagan) যেন ছিল ভাগ্য লিখন! প্রথমে নামধারীকে ২-০ গোলে হারিয়ে ইস্টবেঙ্গল ফাইনাল নিশ্চিত করার পর, মোহনবাগানও একই ব্যবধানে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে লাল-হলুদের মুখোমুখি হচ্ছে। শিল্ডের ডার্বি ঘিরে দুই ময়দান প্রধানের সমর্থকদের উত্তেজনা এখন চরমে।

IFA সচিব অনির্বাণ দত্ত আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দুই প্রধান ফাইনালে উঠলে এই বহুঅপেক্ষিত ডার্বি গড়াবে যুবভারতী ক্রীড়াঙ্গনেই। সেই মতোই, আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গন হচ্ছে দুই প্রধানের ফাইনাল রণক্ষেত্র।

বদলা না পুনরাবৃত্তি?

চলতি শিল্ডে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে দুই প্রধানই নিজেদের ক্ষমতা জাহির করেছে। বাগান সমর্থকদের কাছে আগামীকালের ম্যাচটি হবে ডুরান্ড কাপের হারের বদলা উসুলের ডার্বি। অন্যদিকে ইস্টবেঙ্গল চাইবে ডুরান্ড কাপের মতোই মোহনবাগানকে চাপে রেখে আরও একবার জয় ছিনিয়ে আনতে।

এই খেতাব জয়ের লড়াইয়ে ইস্টবেঙ্গল জিতলে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব ৩০তম শিল্ড চ্যাম্পিয়ন হবে। আর মোহনবাগান জিতলে গোষ্ঠ পাল সরণিতে উঠবে তাদের ২৩তম খেতাব।

সম্পূর্ণ বিনামূল্যে ডার্বি দেখার উপায় কী?

আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হতে যাওয়া এই বহু অপেক্ষিত ডার্বি উপভোগ করার জন্য বহু ভক্ত ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন। যারা টিকিট পাননি, তাদের ভরসা অনলাইন লাইভ স্ট্রিমিং। তবে দর্শকদের জন্য একটি দুঃসংবাদ—ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের এই শিল্ড ডার্বি বিনামূল্যে দেখা যাবে না।

এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে SSEN অ্যাপ এবং ওয়েবসাইটে। কিন্তু এই প্ল্যাটফর্মে দুই প্রধানের ম্যাচ দেখতে হলে দর্শকদের কমপক্ষে ৯৯ টাকা খরচ করতে হবে।