“নীতিশের পরেই সবচেয়ে হ্যান্ডসাম…”! কর্ণের মৃত্যুতে স্মৃতিচারণায় দ্রৌপদী, গোপন রোগের খবরই জানতেন না রূপা

জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর ‘কর্ণ’ রূপে দর্শকের মনে জায়গা করে নেওয়া অভিনেতা পঙ্কজ ধীর (৬৮) ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হলেন। বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর সহ-অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, যিনি ওই ধারাবাহিকে ‘দ্রৌপদী’র চরিত্রে অভিনয় করেছিলেন। তবে দুঃখের বিষয়, এত বড় অসুস্থতার খবর নাকি তিনি জানতেনই না!

বহু বছর আগে পঙ্কজ ধীরের সঙ্গে রূপার শেষ দেখা হলেও, মাঝে মধ্যে মেসেজে তাঁদের যোগাযোগ ছিল। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে রূপা স্মৃতিচারণায় তাঁর সহ-অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন।

স্মৃতি রোমন্থন করে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “নীতিশ ভরদ্বাজের (কৃষ্ণ) পর সেটে পঙ্কজ ধীরই ছিলেন সবচেয়ে সুদর্শন পুরুষ। আমি তাঁকে মেসেজে লিখতাম, ‘তুমি আমার সবচেয়ে হ্যান্ডসাম বন্ধু’।” অভিনেত্রী আরও যোগ করেন, পঙ্কজ একজন ‘সংযত স্বভাবের মানুষ’ ছিলেন। যেখানে পুণীত ইসর (দুর্যোধন) এবং ফিরোজ খান (অর্জুন) কিছুটা দুষ্টুমি প্রিয় ছিলেন, সেখানে পঙ্কজ সবসময়েই থাকতেন অত্যন্ত ভদ্র এবং নম্র।

পঙ্কজ ধীর প্রায় এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। রূপা জানান, “প্রায় এক বছর আগে মেসেজে তাঁর সঙ্গে আমার কথা হয়েছিল। কিন্তু উনি কোনওদিনই তাঁর অসুস্থতার কথা বলেননি।” কথাটি বলতে গিয়ে রূপার কণ্ঠস্বর ভারি হয়ে আসে।

বি আর চোপড়ার ‘মহাভারত’-এ কর্ণের পাশাপাশি ‘চন্দ্রকান্তা’ ধারাবাহিকে রাজা শিবদত্তের চরিত্রে অভিনয়ের জন্য পঙ্কজ ধীর বিশেষভাবে স্মরণীয়। বুধবার সন্ধ্যায় পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পঙ্কজ ধীরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সলমন খান, সিদ্ধার্থ মালহোত্রা, আরবাজ খান, পুণীত ইসর এবং মিকা সিং-সহ অনেকেই। উল্লেখ্য, রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মহাভারতের কৃষ্ণ অর্থাৎ নীতিশ ভরদ্বাজের যোগাযোগ এখনো নিয়মিত রয়েছে।