হাঁসফাঁস AI! বিশ্বমঞ্চে এবার দীপিকার ‘ভয়েস’, মেটার কৃত্রিম বুদ্ধিমত্তার কণ্ঠে বলিউড ডিভা

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে যেখানে একাধিক তারকা আইনি পদক্ষেপ নিচ্ছেন, ঠিক তখনই এক বিশাল পদক্ষেপ করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর এই সিদ্ধান্তে শুধু দেশের গণ্ডি নয়, বলিউডের গ্ল্যামার গার্লের কণ্ঠস্বর এবার বিশ্বমঞ্চে ছড়িয়ে পড়তে চলেছে। মেটা (Meta)-এর কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের জন্য ইংরেজিতে কণ্ঠ দিয়েছেন দীপিকা, যা এখন ভারত-সহ মোট ৬টি দেশে উপলব্ধ হবে।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার থেকে মেটার এআই মডেল কথা বলবে দীপিকার গলায়। এই পরিষেবা বর্তমানে ভারত, আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড – এই ৬টি দেশে শুরু হয়েছে। অর্থাৎ, হলিউডের পাশেই আমেরিকার সিলিকন ভ্যালিও শুনতে পাবে বলিউড ডিভার কণ্ঠস্বর। এটিকে কেবল দীপিকার ব্যক্তিগত সাফল্য হিসেবে নয়, বরং গোটা দেশের জন্য এক বিরাট সম্মান হিসেবে দেখা হচ্ছে।

পাশাপাশি, আরও একটি বড় খবর জানিয়েছেন দীপিকা। তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রথম ‘মেন্টাল হেলথ অ্যাম্বাসাডর’ হতে চলেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘দ্য লিভ লাভ লাফ (LLL) ফাউন্ডেশন’-এর মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ এবং একক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মান পেয়েছেন।

ইনস্টাগ্রাম প্রোফাইলে এই সাফল্যে গভীর আপ্লুত অভিনেত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানসিক স্বাস্থ্যকেও জনস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাঁর এই দুই গুরুত্বপূর্ণ ভূমিকা প্রমাণ করে, তারকারা কেবল পর্দাতেই সীমাবদ্ধ নন; ইচ্ছা করলে তাঁরা বৃহত্তর সামাজিক পরিবর্তনও আনতে পারেন।