গম্ভীরই কি রোহিতের অধিনায়কত্ব কেড়েছিলেন? অজিভূমে কোচ-শিষ্যের ‘গভীর আলোচনা’য় তোলপাড় ক্রিকেটমহল!

দীর্ঘ বিরতির পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তনে প্রস্তুত মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়া (India Vs Australia) ওয়ানডে সিরিজে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে বদ্ধপরিকর এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। তবে এই সিরিজের আগে, নেতৃত্বের দায়িত্ব হারানোর পর অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেই প্রথমবারের মতো প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাথে হিটম্যানের দেখা হওয়ার দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এক ফ্রেমে গম্ভীর-রোহিত: আলোচনা নিয়ে জল্পনা

আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে, যেখানে রোহিত শর্মা এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে একসঙ্গে দেখা গিয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, নেটে অনুশীলন শুরু করার ঠিক আগে রোহিত শর্মা কোনো এক বিষয় নিয়ে গম্ভীরের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন। অনুশীলনে প্রবেশ করার মুহূর্ত পর্যন্ত গম্ভীর হিটম্যানের সঙ্গেই ছিলেন। এই দৃশ্য দেখার পর ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া।

নেতৃত্ব হারানোর নেপথ্যে কি গম্ভীরের হাত?

টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকেও বিদায় জানান তিনি। যদিও ওয়ানডেতে খেলার কথা আগেই নিশ্চিত করেছিলেন এই তারকা ব্যাটার। সেই মতোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন, তবে তার আগেই তাঁকে একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে শুভমন গিলকে দায়িত্ব দেওয়া হয়।

এই প্রসঙ্গে মুখ খুলে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন যে, “গম্ভীরের পরামর্শেই রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে।” তাঁর ইঙ্গিত ছিল, গৌতম গম্ভীরই নাকি রোহিতকে সরিয়ে শুভমনকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন।

রোহিত অধিনায়কত্ব হারানোর পর থেকেই বহু সমর্থক ও প্রাক্তন ক্রিকেটারের প্রশ্নের আঙুল সরাসরি গৌতম গম্ভীরের দিকে উঠেছিল। অনেকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, গম্ভীরের বুদ্ধিতেই রোহিতকে অধিনায়কের পদ থেকে ছাঁটাই করা হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও বলেছিলেন, “গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকেই একে একে সকলে অবসর নিচ্ছেন। রোহিত শর্মার অবসরের নেপথ্যে তাঁর হাত থাকতে পারে…”।

সব মিলিয়ে, যে গম্ভীরকে রোহিতের অধিনায়কত্ব হারানোর জন্য দায়ী করা হচ্ছিল, এবার অস্ট্রেলিয়া সিরিজের আগে তাঁর সাথেই দীর্ঘ মুহূর্ত ভাগ করে নেওয়ার দৃশ্য নতুন করে জল্পনার জন্ম দিল।