দুর্গাপুরকাণ্ড: নির্যাতিতার সহপাঠীর ঘরে মিলল ১১টি অব্যবহৃত কন্ডোম, জঙ্গল থেকেও মিলল একটি অব্যবহৃত কন্ডোম

দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করার পরই তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃত সহপাঠীর হস্টেলের ঘর থেকে ১১টি অব্যবহৃত কন্ডোম উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, যে জঙ্গলে নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ, সেখান থেকেও একটি অব্যবহৃত কন্ডোম উদ্ধার করেছে পুলিশ। এই নতুন তথ্যগুলি ঘটনার রহস্যকে আরও ঘনীভূত করছে।
ধৃত সহপাঠীকে টানা জেরা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বক্তব্যে ঘটনা প্রসঙ্গে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এই অসঙ্গতিই তাঁকে গ্রেফতারের মূল কারণ। এর আগে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে সহপাঠীর বক্তব্যের বড়সড় অমিল রয়েছে।
সহপাঠীর ভূমিকা প্রথম থেকেই পুলিশের সন্দেহের ঊর্ধ্বে ছিল না, যা তাঁকে গ্রেফতারির পরেই স্পষ্ট হয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই তাকে ঘটনাস্থল অর্থাৎ জঙ্গলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করেছে। হাসপাতাল থেকে যে রাস্তা ধরে নির্যাতিতা ও তাঁর সহপাঠী গিয়েছিলেন, সেই পথও খতিয়ে দেখা হয়েছে। ধৃতদের পরনে থাকা পোশাকও পুলিশের হাতে এসেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নির্যাতিতার সহপাঠী মোট ১২টি কন্ডোমের একটি প্যাকেট কিনেছিলেন। যার মধ্যে অব্যবহৃত ১১টি তার হস্টেলের ঘর থেকে বাজেয়াপ্ত হয়েছে এবং বাকি একটি জঙ্গল থেকে পাওয়া গিয়েছে।
তদন্তকারীরা এখন এই কন্ডোমের সূত্র ধরেই নতুন ক্লু পেতে চাইছেন। উদ্ধার হওয়া কন্ডোমের এই তালিকা একপ্রকার স্পষ্ট করে দিচ্ছে যে নির্যাতিতার সহপাঠীই তাঁকে ওই জঙ্গলে নিয়ে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে এলেই ঘটনার বিষয়ে আরও অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। বর্তমানে পুলিশ পুরোদমে তদন্ত চালিয়ে যাচ্ছে।