ভয়াবহ পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমানে! ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস ঢুকে গেল বাড়ির ভেতরে, আশঙ্কাজনক ৩ জন

শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার গিরি নগর এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে। ধাক্কার তীব্রতায় যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বাড়ির ভিতরে ঢুকে যায়।
আশঙ্কাজনক ৩ জন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর আহত পাঁচজনকে পুলিশ উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তারবাবু দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও, তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা যা বললেন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি কাইগ্রাম থেকে মেমারির দিকে যাচ্ছিল। সেই সময় কুসুমগ্রামের দিক থেকে একটি বড় ট্রাক পুটশুরি অভিমুখে যাচ্ছিল। দ্রুতগতিতে আসা ওই ট্রাকটি বাসটিকে ধাক্কা মারে এবং ধাক্কা মেরেই চালক ট্রাক নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো বাসটি সোজা গিয়ে রাস্তার ধারের একটি বাড়ির মধ্যে ঢুকে যায়, যার ফলেই এই বিপত্তি। ঘটনার পর গিরি নগর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ বাস এবং ট্রাকের খোঁজ শুরু করেছে।