রাজস্থানে খুন করে কলকাতায় গা ঢাকা! ‘নকল পুলিশ’ সেজে সল্টলেকের আবাসনে ঢুকেছিল গুজরাটি ভাড়াটে খুনিরা, তারপর যা ঘটল…

সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে! রাজস্থানে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করে গুজরাটের ভাড়াটে খুনিরা গা ঢাকা দিতে এসেছিল কলকাতায়। এখানেই পুলিশের তাড়া খেয়ে তারা সল্টলেকের একটি আবাসনে ‘পুলিশ পরিচয়’ দিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করে। রুদ্ধশ্বাস ধাওয়া করার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে তিন দুষ্কৃতী।
ঘটনার সূত্রপাত হয় রাজস্থানে। জানা যায়, গ্যাংস্টার রোহিত গোদারার গ্যাং ব্যবসায়ী রমেশ রুলানিয়ার কাছে তোলা চেয়েছিল। ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করার পর তাঁর উপর হামলা হয়। সূত্রের খবর, বিদেশে বসেই খুনের ছক কষে রোহিত গোদারা। গত ৭ অক্টোবর সকাল সাড়ে ৭টার সময় জিমে থাকাকালীন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় রমেশ রুলানিয়াকে। সিসি ক্যামেরায় এক দুষ্কৃতীর মুখে গামছা বাঁধা ছবি ধরা পড়েছিল। এই ঘটনায় রাজস্থান পুলিশ প্রথমে ৭ জনকে গ্রেফতার করে।
পলাতক বাকি ৪ জনের মধ্যে তিনজন এসে আশ্রয় নেয় কলকাতায়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলে গুজরাটের বাসিন্দা এবং টাকার বিনিময়ে খুন করত। তাদের মাথার দাম প্রথমে ২৫ হাজার টাকা থাকলেও পরে তা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়।
দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে থাকার পর, সল্টলেকের একটি আবাসনে এসে তারা নকল পুলিশ পরিচয় দিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের পিছু নেয় এবং সিনেমার মতো ধাওয়া করার পর তিন খুনে দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। গুজরাটের বাসিন্দা হয়ে রাজস্থানে অপরাধ ঘটিয়ে কেন তারা কলকাতায় এসে লুকিয়েছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। এই ঘটনায় এখনও একজন দুষ্কৃতী অধরা রয়েছে।