‘শেখ হাসিনার উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড’, আন্তর্জাতিক ট্রাইবুনালে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা একাধিক মামলার শুনানিতে এবার তাঁর মৃত্যুদণ্ড দাবি করা হলো। বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইবুনালের প্রধান আইনজীবী তাজুল ইসলাম এই দাবি জানান।
মৃত্যুদণ্ডের দাবি:
মামলার শুনানিতে আইনজীবী তাজুল ইসলাম শেখ হাসিনাকে একজন ‘হৃদয়হীন অপরাধী’ হিসেবে উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে, গণ আন্দোলনের নেতা-কর্মীদের হত্যার মূলচক্রী তিনি। তিনি বলেন, “নিজের কৃত কর্মের জন্য তাঁর কোনও অনুতাপ নেই। হাসিনার একমাত্র উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড।”
হাসিনার পাশাপাশি তাঁর সরকারের আমলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও ফাঁসির দাবি করা হয়েছে।
যেসব অভিযোগ আনা হয়েছে:
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর থেকে একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গণ আন্দোলন দমনেরও অভিযোগ উঠেছে। এদিন সেই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই প্রধান আইনজীবী শেখ হাসিনার ফাঁসি চেয়ে সরব হন।