OMG! ছোটদের ওষুধের বোতলে কিলবিল করছে কৃমি, সরকারি হাসপাতালে শোরগোল

মধ্যপ্রদেশের সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। বিষাক্ত কাফ সিরাপ নিয়ে চলা তদন্তের মাঝেই এবার অভিযোগ উঠল ছোটদের অ্যান্টিবায়োটিক ওষুধের বোতলে কৃমি থাকার। গোয়ালিয়র জেলার মোরার শহরের সরকারি হাসপাতালের এই ঘটনায় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলেও উত্তেজনা ছড়িয়েছে।

অভিযোগকারী শিশুর মায়ের দাবি, অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক ওরাল সাসপেনশন (Azithromycin Oral Suspension) নামক যে ওষুধটি তাঁর শিশুকে দেওয়া হয়েছিল, সেটির বোতলে কৃমি কিলবিল করছিল। এই অ্যান্টিবায়োটিক সাধারণত বিভিন্ন সংক্রমণজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

গোটা ব্যাচ সিল, পাঠানো হলো ল্যাবে

অভিযোগ সামনে আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। সঙ্গে সঙ্গে Azithromycin Antibiotic-এর গোটা ব্যাচটি সিল করে দেওয়া হয়েছে। মোট ৩০৬টি ওষুধের বোতল ছিল হাসপাতালে, যেগুলি আপাতত ব্যবহার বন্ধ রাখা হয়েছে। ড্রাগ ইন্সপেক্টর অনুভূতি শর্মা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সিল করা ব্যাচের নমুনা পরীক্ষার জন্য ভোপালের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়া আরও নিশ্চিত হওয়ার জন্য একটি নমুনা কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতেও পাঠানো হয়েছে।

যদিও ড্রাগ ইন্সপেক্টর এও জানিয়েছেন যে, মহিলা যে বোতলটি নিয়ে অভিযোগ করেছিলেন সেটি খোলা ছিল। প্রাথমিক গবেষণার পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য কোনো ওষুধের বোতলে কৃমি পাওয়া যায়নি। তবে চূড়ান্ত ফলাফলের জন্য ল্যাব পরীক্ষার প্রয়োজন আছে।

বিরোধীদের কটাক্ষ, বিতর্ক চলছেই

এই ওষুধটি মধ্যপ্রদেশের একটি প্রস্তুতকারী সংস্থার তৈরি জেনেরিক ওষুধ বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় বিরোধী দলগুলি সরকারের স্বাস্থ্য ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ২৪ জন শিশুর বিষাক্ত Coldrif কাফ সিরাপ খেয়ে মৃত্যুর অভিযোগ ওঠে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO) এই সিরাপের পাশাপাশি Respifresh TR এবং ReLife সিরাপ নিয়ে সতর্কতা জারি করে। সেই গুরুতর বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার অ্যান্টিবায়োটিক বোতলে কৃমি মেলার অভিযোগ মধ্যপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করল।