‘পাগল-ছাগল’ বলে শুভেন্দুকে ফিরহাদ হাকিমের তীব্র কটাক্ষ! ভবানীপুর দখলে বিজেপির দাবি উড়িয়ে তৃণমূলের কীসের প্রস্তুতি?

আসন্ন বিধানসভা নির্বাচন এখনও বহু দূরে হলেও, তার বহু আগেই তৃণমূলের দুর্গ বলে পরিচিত ভবানীপুর কেন্দ্রকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র থেকেই হারানোর যে চ্যালেঞ্জ বিজেপি দিয়েছিল, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তার সরাসরি জবাব দিল তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্ব ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক লক্ষ ভোটে জেতানোর লক্ষ্য ঘোষণা করল।

কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করে বলেছিলেন, “ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীকে হারানো এখন সময়ের অপেক্ষা।” তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আগামী এপ্রিলের মধ্যেই রাজ্যে নির্বাচন হয়ে যেতে পারে। তাই দলাদলি ভুলে একযোগে কাজ করে সংগঠন মজবুত করুন।” তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী কোন কেন্দ্রে প্রার্থী হবেন, তা নির্দিষ্ট না হলেও দলের প্রত্যেকেই জয়ের জন্য প্রস্তুত থাকবেন।

দলের এক বরিষ্ঠ নেতা এই প্রসঙ্গে বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট—মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই প্রার্থী হবেন, সেখানেই তাঁকে বিপুল ভোটে জয়ী করা আমাদের দায়িত্ব। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য জয়ী হবেন, এটা আমাদের অঙ্গীকার।”

ফিরহাদ হাকিমের তীব্র আক্রমণ:

বিজয়া সম্মিলনীতে সুব্রত বক্সির বক্তব্যের পরই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিরোধীদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানান। তিনি কটাক্ষ করে বলেন, “পাগল-ছাগল অনেকেই আছে, যারা বলে আলিপুরে আমরা জিতব। আবার কেউ বলে ভবানীপুরে তৃণমূল হারবে। কিন্তু ভবানীপুরের মানুষ গর্বিত মানুষ, তারা জানে কাকে ভোট দিতে হয়।”

ভোটার তালিকা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “আমরা জেনুইন ভোটারদের তালিকা তৈরি রাখব। এরপর যারা যা খুশি করুক, সাধারণ মানুষের ভোট আটকানো যাবে না।” তিনি প্রত্যয়ের সঙ্গে বলেন, “আমরা ১ লক্ষ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাব। সাধারণ মানুষের ভোটেই উনি ফিরবেন।”

উল্লেখ্য, বিজেপি দীর্ঘদিন ধরেই ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচার শুরু করেছে এবং দাবি করেছে যে এই কেন্দ্রেই শুরু হবে ‘তৃণমূলের পতন’। তবে তৃণমূল স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভেদ্য দুর্গ, এবং সেই দুর্গ ভাঙা বিজেপির পক্ষে সহজ হবে না।