ইনগ্লিস-জাম্পা আউট! ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআইতে অস্ট্রেলিয়া দলে বিরাট ধাক্কা, উইকেটকিপিং করবেন কে?

ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে (ODI) সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উইকেটকিপার-ব্যাটার জশ ইনগ্লিস (Josh Inglis) এবং তারকা স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa) প্রথম ওডিআই ম্যাচে খেলতে পারবেন না। ইনগ্লিস চোটের কারণে, আর জাম্পা ব্যক্তিগত কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন।

ইনগ্লিসের চোটের সমস্যা পুরোনো। কাফ মাসলের চোটের জন্য তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও বাদ পড়েছিলেন। সেই চোট এখনও পুরোপুরি না সারায় ভারতের বিরুদ্ধে প্রথম দুই ওডিআইতেই তিনি খেলতে পারছেন না। অন্যদিকে, জাম্পার কোনো চোট না থাকলেও পারিবারিক কারণে তিনি প্রথম ম্যাচের জন্য অনুপস্থিত থাকবেন। এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে মাথাব্যথার কারণ।

উইকেটকিপিং সমস্যায় অস্ট্রেলিয়া:

ইনগ্লিসের পাশাপাশি চোটের কারণে এই সিরিজে আগেই ছিটকে গিয়েছেন নিয়মিত ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং ক্যামেরন গ্রিন (Cameron Green)। এর মধ্যে ইনগ্লিসের অনুপস্থিতি উইকেটকিপিংয়ে বড় সমস্যা তৈরি করেছে। কারণ, অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের উইকেটকিপার অ্যালেক্স কেরি (Alex Carey) বর্তমানে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলছেন।

এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে বাধ্য হয়েই প্রথম ওডিআইতে উইকেটকিপার হিসেবে খেলাতে হচ্ছে জশ ফিলিপেকে (Josh Philippe)।

৪ বছর পর ওডিআই খেলবেন ফিলিপে:

সম্প্রতি ম্যাক্সওয়েলের পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলে সুযোগ পান ফিলিপে, যদিও সেখানে খেলার সুযোগ পাননি। তবে কেরি ও ইনগ্লিস না থাকায় রবিবার তাঁর কপাল খুলছে। এই উইকেটকিপার-ব্যাটার শেষবার ওডিআই ম্যাচ খেলেছিলেন সেই ২০২১ সালে। প্রায় চার বছর পর তিনি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছেন। এখনও পর্যন্ত মাত্র তিনটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ফিলিপে, যেখানে তাঁর সংগ্রহ ৬৫ রান। পরিস্থিতি যা-ই হোক, এই কঠিন সময়ে ফিলিপের পারফরম্যান্স দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।