সিরিয়াল ছেড়ে সিনেমায় ‘ফুলকি’! বড়পর্দায় পা রাখতেই কি শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক?

ছোটপর্দার জনপ্রিয় মুখ, ‘ফুলকি’ ধারাবাহিকের (Serial) প্রধান অভিনেত্রী দিব্যাণী মণ্ডল এবার বড়পর্দায় অভিষেক করতে চলেছেন। আর এর পরেই টেলিপাড়ায় জোর গুঞ্জন—টিআরপি তালিকায় প্রথম পাঁচে থাকা সত্ত্বেও নাকি এবার শেষ হতে চলেছে ‘ফুলকি’ ধারাবাহিক!

ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রাখার নজির টলিউডে নতুন নয়। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছেন পর্দার ‘ফুলকি’ অর্থাৎ দিব্যাণী। পরিচালক সৃজিত মুখার্জীর হাত ধরে তাঁর সিনেমা জগতে প্রবেশ নিশ্চিত। এই খবর চাউর হওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

টিআরপি তালিকায় বরাবরই প্রথম সারিতে থাকে ‘ফুলকি’। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে, টিআরপি ভালো থাকা সত্ত্বেও চ্যানেল কর্তৃপক্ষ নাকি সিরিয়ালটি শেষ করার পরিকল্পনা করছে। কিন্তু এর কারণ কী?

এই প্রসঙ্গে ‘ফুলকি’-র পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস জানান, সিরিয়াল শেষ করার বিষয়ে লিখিত বা মৌখিক কোনো নির্দেশ এখনও পর্যন্ত তাঁর কাছে আসেনি। একই কথা জানিয়েছেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডলও। তিনি স্বীকার করেন যে এমন গুঞ্জন তাঁর কানেও এসেছে, তবে আনুষ্ঠানিকভাবে সিরিয়াল শেষের কোনো খবর তাঁর কাছে পৌঁছায়নি। তবে অন্য একটি গুঞ্জন বলছে, সৃজিতের ছবিতে দিব্যাণীর অভিনয়ের সুবিধার জন্য সিরিয়ালের গল্পে বড়সড় বদল আনা হতে পারে।

বর্তমানে ‘ফুলকি’ ধারাবাহিকে দেখানো হচ্ছে, রোহিতের খুন হওয়ার পর ফুলকি মা হতে চলেছে। এর মধ্যেই সৃজিত মুখার্জীর বহু প্রতীক্ষিত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ দেখা যাবে দিব্যাণীকে।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি পরিচালকের সঙ্গে অনবরত যোগাযোগ রাখছেন এবং চিত্রনাট্য খুঁটিয়ে পড়ছেন। সৃজিতের চরিত্রের জন্য তিনি নাকি বিশেষ প্রশিক্ষণও নেবেন। যদিও তাঁর কাছে ছোটপর্দাই ‘শিকড়’, তাই সৃজিতের ছবিতে অভিনয়ের পরেও তিনি আবার ছোটপর্দায় ফিরবেন বলে নিশ্চিত করেছেন পর্দার ‘ফুলকি’।