‘রহস্যজনকভাবে টাকা উধাও’! PNB-তে ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস, গেট বন্ধ করে বিক্ষোভ; ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

সপ্তাহের প্রথম দিন, সোমবার ব্যাঙ্ক খুলতেই ব্যাপক উত্তেজনা ছড়াল ফরাক্কার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB)। গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে টাকা তছরুপের অভিযোগ সামনে আসতেই ব্যাঙ্কের মূল গেট বন্ধ রেখে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা।

বিক্ষোভকারীদের অভিযোগের কেন্দ্রে রয়েছেন ব্যাঙ্কের অস্থায়ী কর্মী প্রবীর দত্ত। তাঁদের দাবি, প্রবীর দত্ত দীর্ঘদিন ধরে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সম্পূর্ণ ব্যাঙ্ক চত্বর।

গ্রাহকদের দাবি, এই বিপুল আর্থিক অনিয়মে শুধু প্রবীর দত্তই নন, ব্যাঙ্কের আরও কয়েকজন স্থায়ী কর্মীরও যোগসাজশ থাকতে পারে। দীর্ঘদিন ধরে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়া সত্ত্বেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও সঠিক ব্যাখ্যা দেয়নি বা ব্যবস্থা নেয়নি। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ নীরব থাকায় ক্ষোভ আরও বাড়ে। অবশেষে ঘটনার সত্যতা স্পষ্ট হতেই ক্ষুব্ধ গ্রাহকরা এদিন ব্যাঙ্ক ম্যানেজারের অবিলম্বে গ্রেপ্তার এবং সমস্ত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হন।

এই প্রসঙ্গে ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন, “এখনও পর্যন্ত ৬৪ লক্ষ টাকা আর্থিক তছরুপ হয়ে আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতেও কিছুক্ষণ বিক্ষোভ চলে। গ্রাহকরা স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্ত প্রবীর দত্ত এবং ব্যাঙ্ক ম্যানেজারকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে তাঁদের আন্দোলন আরও জোরালো হবে।