‘আমার দিক থেকেই ভুল ছিল!’ ৭ বছর পর অরিজিৎ সিংয়ের সঙ্গে বিবাদ নিয়ে ঐতিহাসিক স্বীকারোক্তি সলমন খানের

বিগ বস সিজন ১৯-এর এই সপ্তাহের ‘উইকেন্ড কা বার’-এ তুফানি মেজাজে ধরা দিলেন সলমন খান। এই পর্বে কেবল প্রতিযোগীদের ক্লাস নিলেন না তিনি, বরং দক্ষিণী পরিচালক মুরুগুদাসকে কড়া জবাব দিলেন এবং গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর পুরনো মনোমালিন্য নিয়ে মুখ খুলে ঐতিহাসিক স্বীকারোক্তি করলেন।
সলমন খান ও অরিজিৎ সিংয়ের পুরনো মনোমালিন্যের কথা বলিউডে সুবিদিত। শোনা যায়, ২০১৪ সালের এক অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে তিক্ততার সূত্রপাত হয়। সেই অনুষ্ঠানে সঞ্চালক সলমন খান মজা করে অরিজিৎকে প্রশ্ন করেছিলেন, “ঘুমিয়ে পড়েছো নাকি?” উত্তরে অরিজিৎ পাল্টা বলেছিলেন, “আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছেন।” এই উত্তর শুনে সলমন অপমানিত বোধ করেন। যদিও অরিজিৎ প্রকাশ্যে ক্ষমা চাইলেও চিঁড়ে গলেনি।
তবে, এতগুলো বছর পর সেই পুরনো তিক্ততা নিয়ে মুখ খুললেন সলমন। সম্প্রতি ‘টাইগার 3’ ছবিতে অরিজিৎ গান করেছেন। ‘উইকেন্ড কা বার’ পর্বে কমেডিয়ান রবি গুপ্তা মজা করে সলমনকে বলেন, তিনি ভয় পাচ্ছিলেন অভিনেতার সামনে আসতে, কারণ তাঁকে দেখতে অনেকটা অরিজিৎ সিংয়ের মতো।
এই প্রসঙ্গে সলমন খান জবাব দেন, “অরিজিৎ আর আমি এখন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছি। সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল—আর সেই ভুল আমার তরফ থেকেই হয়েছিল।”
ভাইজান আরও নিশ্চিত করেছেন: “যাই হোক, ও এখন আমার সিনেমার জন্য গানও করেছে। টাইগার 3-তে করেছে। এবার আমার আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এও গান গেয়েছে।” এই মন্তব্যের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের বিবাদের অবসান ঘটল বলেই মনে করছে বলিউড মহল।
এই পর্বে দক্ষিণী পরিচালক এ আর মুরুগুদাসের একটি পুরনো অভিযোগের পাল্টা জবাব দেন সলমন। পরিচালক অভিযোগ করেছিলেন, সলমন নাকি সেটে রাত ৯টায় পৌঁছাতেন।
একই পর্বে কমেডিয়ান রবি যখন সলমনকে জিজ্ঞেস করেন, কোন সিনেমা নিয়ে তাঁর অনুতাপ রয়েছে? সলমন উত্তর দেন, ‘সূরবংশী’ এবং ‘নিশ্চয়’ সিনেমা করার জন্য অনুতাপ হয়। সাম্প্রতিক সিনেমার মধ্যে তিনি ‘সিকন্দর’ ছবির নাম নেন।
এরপরই তিনি কটাক্ষের সুরে মুরুগুদাসকে জবাব দেন: “আসলে আমি শুটিং সেটে রাত ৯টায় পৌঁছাতাম, তাতে গণ্ডগোল হয়ে গিয়েছে।” তিনি আরও যোগ করেন, “এই শুটিং করতে গিয়ে আমি চোটও পেয়েছি। আর আমার পরিচালক বলছেন আমি নাকি রাতে সেটে যেতাম। কিন্তু ওনার সম্প্রতি আরও একটি সিনেমা (‘মাধারাসি’) মুক্তি পেয়েছে, যেখানে অভিনেতা ৬টায় পৌঁছে যেত। তবে ওইটা সিকন্দর-এর থেকেও ব্লকবাস্টার!” অর্থাৎ, সিকন্দর-এর থেকেও মুরুগুদাসের ছবিটি বড় ফ্লপ হয়েছে বলে কটাক্ষ করেন সলমন।