‘Heard and Reserved’ স্ট্যাটাস! সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়দানের প্রহর গুনছেন কর্মীরা, কবে ঘোষণা?

বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে (Supreme Court) ঝুলে থাকা রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা মামলার চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর থেকেই রায়দানের অপেক্ষায় রয়েছেন সকলে। বর্তমানে মামলার স্ট্যাটাস “Heard and Reserved” অর্থাৎ শুনানি সম্পন্ন হয়েছে এবং রায় সংরক্ষিত রয়েছে। এর মধ্যেই জল্পনা তুঙ্গে যে দীপাবলির আগেই এই বহু প্রতীক্ষিত রায় ঘোষণা হতে পারে।
দীপাবলির ছুটির আগেই রায়দান?
একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটির (যা ২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত থাকছে) আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়দান হতে পারে। সূত্রের খবর, এই ছুটি শুরু হওয়ার আগেই মামলার রায় সামনে আসতে পারে।
উল্লেখ্য, চূড়ান্ত শুনানির দিন সুপ্রিম কোর্ট সব পক্ষকেই নির্দিষ্ট রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে রাজ্য সরকার, মামলাকারী এবং রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন রিপোর্ট ও প্রয়োজনীয় তথ্য পেশ করেছে।
বর্তমানে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের রিপোর্ট এবং মামলাকারী সংগঠনগুলির পেশ করা তথ্য খতিয়ে দেখার কাজ প্রায় শেষের পথে বলে জানা যাচ্ছে। আর সেই কারণেই দীপাবলির আগে রায় ঘোষণার আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। যদিও সুপ্রিম কোর্টের তরফে আনুষ্ঠানিকভাবে কবে রায়দান হবে, সেই সংক্রান্ত কোনও ঘোষণা এখনও করা হয়নি।
চলতি মাসের ২০ অক্টোবর থেকে সুপ্রিম কোর্ট দীপাবলির জন্য বন্ধ থাকবে এবং এরপর আগামী ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটির জন্য আদালত বন্ধ থাকবে। তাই সরকারি কর্মীদের একাংশের আশা, হয় নভেম্বরের মধ্যে, না হয় চলতি বছরের মধ্যেই সুপ্রিম কোর্ট ডিএ মামলায় রায় দেবে।