Recipe: এক রকম ঝোল খেয়ে একঘেয়ে লাগছে, চটজলদি বানিয়ে ফেলুন ‘সবুজ পাবদা’! আঙ্গুল চাটবে প্রত্যেকে

সবুজ পাবদা পদটি মূলত পাবদা মাছের সঙ্গে পালং শাকের পেস্ট ব্যবহার করে তৈরি করা হয়, যা এটি একটি সুন্দর সবুজ রঙ ও ভিন্ন স্বাদ এনে দেয়। সামান্য উপকরণে ঝটপট তৈরি করে ফেলুন এই বিশেষ রেসিপিটি।

উপকরণ
পাবদা মাছ: ৫০০ গ্রাম

পালংশাক: ১ আঁটি

পেঁয়াজকুচি: আধা কাপ

রসুনকুচি: ১ চামচ

আদাবাটা: ১ চামচ

লঙ্কাকুচি: ২ চামচ (ঝাল অনুযায়ী)

টম্যাটো কুচোনো: ২ টি

জোয়ান: সামান্য (ঐচ্ছিক)

নুন, চিনি: প্রয়োজনমতো

তেল ও হলুদ: পরিমাণমতো

প্রণালী
১. মাছ তৈরি: প্রথমে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর মাছগুলোতে পরিমাণমতো নুন-হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
২. পালং প্রস্তুত: পালং শাক ধুয়ে কুচিয়ে নিন। এরপর অল্প জলে সেদ্ধ করে নিন। সেদ্ধ পালং শাকগুলো জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে মিহি করে বেটে নিন।
৩. মশলা কষানো: এবার কড়াইতে মাছ ভাজার অবশিষ্ট তেলে পেঁয়াজকুচি, রসুনকুচি, আদাবাটা, লঙ্কাকুচি, টম্যাটোকুচি এবং সামান্য জোয়ান দিয়ে ভালো করে কষাতে থাকুন।
৪. পালং যোগ: মশলা ভালোমতো কষে তেল ছেড়ে এলে, তাতে প্রয়োজনমতো নুন ও চিনি দিয়ে দিন। আরও একটু কষানোর পর সেদ্ধ করে বেটে রাখা পালং শাকের পেস্ট মিশিয়ে দিন। মিশ্রণটি কিছুক্ষণ ধরে ফোটাতে থাকুন, যাতে মশলা ও পালং শাক ভালোভাবে মিশে যায়।
৫. রান্না শেষ: পালং শাকের মিশ্রণটি ঘন হয়ে এলে, তার মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিন। কড়াইটি ঢেকে দিয়ে মিনিট ৫-এর জন্য দমে রাখুন।

ব্যস! তৈরি আপনার স্পেশাল ‘সবুজ পাবদা’। গরম ভাতের সঙ্গে পরিবেশন করে এই উৎসবের মরসুমে আপনার প্রিয়জনের মন জয় করুন।