টাটা সন্সে বড় চমক! অবসরের নিয়ম ভেঙে চেয়ারম্যান পদে বহাল এন চন্দ্রশেখরণ, কেন এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত?

টাটা গ্রুপে বড় খবর! টাটা সন্স-এর চেয়ারম্যান পদে তৃতীয়বারের জন্য বহাল রইলেন এন চন্দ্রশেখরণ (N Chandrasekharan)। টাটা ট্রাস্টের (Tata Trust) এই সিদ্ধান্তে গোষ্ঠীর দীর্ঘদিনের অবসরের নীতিতে পরিবর্তন আনা হলো, যা কর্পোরেট মহলে আলোচনার জন্ম দিয়েছে।
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, টাটা গ্রুপের নীতি অনুযায়ী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৬৫ বছর বয়সে পৌঁছলে এন চন্দ্রশেখরণের চেয়ারম্যানের পদ থেকে সরে আসার কথা ছিল। কিন্তু সংস্থা বর্তমানে একাধিক বড় বড় প্রজেক্ট—যেমন সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক ভেহিকল ব্যাটারি এবং লোকসানে থাকা এয়ার ইন্ডিয়ার পুনরুদ্ধার—এর মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত। এই কারণেই টাটা ট্রাস্টের তরফে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এন চন্দ্রশেখরণের মেয়াদ বাড়ানো হলো।
জানা গিয়েছে, টাটা গোষ্ঠীর দুই শীর্ষ ব্যক্তিত্ব নোয়েল টাটা ও বেণু শ্রীনিবাসন এন চন্দ্রশেখরণকে পদে বহাল রাখার প্রস্তাব দেন। গত ১১ সেপ্টেম্বর টাটা ট্রাস্টের মিটিংয়ে সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয় এবং পরে তা টাটা সন্সে পাঠানো হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং তখন চেয়ারম্যান হিসাবে তৃতীয়বার তাঁর মেয়াদ বৃদ্ধি করা হবে।
প্রসঙ্গত, টাটা গোষ্ঠীর এগজেকিউটিভরা যদি নন-এগজেকিউটিভ পদে সরে আসেন, তবে ৭০ বছর বয়স পর্যন্ত তাঁরা কাজ করতে পারেন। কিন্তু এন চন্দ্রশেখরণের ক্ষেত্রে এগজেকিউটিভ পদেই এই প্রথম ব্যতিক্রম করা হলো।
এন চন্দ্রশেখরণের নেতৃত্বে টাটা গ্রুপে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর তত্ত্বাবধানে টাটা গ্রুপের রাজস্ব দ্বিগুণ এবং লাভ তিনগুণ হয়েছে। ২০২৫ অর্থবর্ষে টাটা গ্রুপের রাজস্ব ছিল ১৫.৩৪ লক্ষ কোটি টাকা এবং লাভ ১.১৩ লক্ষ কোটি টাকা। যদিও এই সময়ে টিসিএস (TCS)-এর শেয়ার প্রায় ৩০ শতাংশ পতন হয়েছে। টাটা সন্স-এর ৬৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে টাটা ট্রাস্টের হাতে। এই বিষয়ে টাটা ট্রাস্টের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।