‘আমি ৮টি পূর্ণাঙ্গ যুদ্ধ থামিয়েছি’- হামাস-ইজরায়েল সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, নিশানায় কে?

ইজরায়েল ও হামাসের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি করাতে মিশর যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে উঠে ফের বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তাঁর মতো এতগুলো যুদ্ধ বিশ্বে আর কেউ থামায়নি। তাঁর সাফল্যের তালিকার সর্বশেষ উদাহরণ হলো— হামাস ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতি। ট্রাম্প সাংবাদিকদের কাছে দাবি করেন, এই নিয়ে তিনি দুনিয়াজুড়ে আটটি পূর্ণাঙ্গ যুদ্ধ থামিয়েছেন।

ট্রাম্প আজ সাংবাদিকদের বলেন, “শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে আমি বেশ কয়েকটি যুদ্ধ থামিয়েছি। এই যেমন ভারত ও পাকিস্তানের মধ্যেই ধরুন না। আমি বলেছিলাম, তোমাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। তাও যদি তোমরা দুজনে যুদ্ধ চালিয়ে যাও, তাহলে আমি বড়সড় শুল্ক চাপাবো। সেটা ১০০, ১৫০ এমনকী ২০০% হতে পারে।”

তবে ট্রাম্প ভারত-পাকিস্তান সংঘাত থামানোর এই দাবি করলেও, নয়াদিল্লি বরাবরই মার্কিন হস্তক্ষেপের দাবি অস্বীকার করেছে। বরং পাকিস্তান সেনাই ভারতের কাছে সংঘর্ষবিরতির জন্য অনুরোধ করেছিল বলে জানিয়েছে ভারত।

গাজায় সংঘর্ষবিরতির পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কাবুল বনাম ইসলামাবাদের মধ্যে সংঘাত থামানো। প্রেসিডেন্ট বলেন, “এই নিয়ে আটটা যুদ্ধ আমি থামালাম। আমার কানে এসেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও যুদ্ধ শুরু হয়েছে। আমি ফেরা পর্যন্ত ওদের অপেক্ষা করতে হবে। কারণ, আমার চেয়ে ভালো যুদ্ধ কেউ থামাতে পারে না।”

যুদ্ধ থামাতে তিনি যে এতটাই দক্ষ, সেই কারণে নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি নিজের নাম একাধিক বার সুপারিশও করেছিলেন, সে কথাও জানাতে ভোলেননি ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত নোবেল পুরস্কার তাঁর ভাগ্যে জোটেনি। তবুও ট্রাম্প দমে না গিয়ে এদিন যোগ করেন, তিনি যে যে যুদ্ধ থামিয়েছেন তার এক একটি ৩৫, ৩৭ বছর ধরে চলছিল। তিনি আরও দাবি করেন, “এক দিনে যুদ্ধ থামিয়ে আমি লক্ষ লক্ষ প্রাণ বাঁচিয়েছি।” এয়ার ফোর্স ওয়ানে বসে এই আত্মবিশ্বাসী দাবি আজ আবার করলেন ট্রাম্প।