বক্স অফিস কাঁপানো দেব কাকে সবচেয়ে বেশি ভয় পান? অভিনেতার উত্তর শুনে চমকে যাবেন!

বাংলা সিনেমার অন্যতম সুপারস্টার দেব (Dev) বর্তমানে সাফল্যের শিখরে অবস্থান করছেন। পুজোয় মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘রঘু ডাকাত’ বক্স অফিসে সুপারহিট এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে, এমনকি দুবাইয়েও পৌঁছে গিয়েছে। এই সাফল্যের মাঝেও এক সাক্ষাৎকারে দেব জানালেন, ঠিক কাকে তিনি সবচেয়ে বেশি ভয় পান।

অনেকের ধারণা ছিল, হয়তো কোনও প্রতিদ্বন্দ্বী বা সমালোচককে ভয় পান দেব। কিন্তু অভিনেতা যে উত্তর দিলেন, তা বেশ অপ্রত্যাশিত।

দেবের কথায়, এখন তিনি সবচেয়ে বেশি ভয় পান নিজেই নিজেকে। শুনতে অবাক লাগলেও, তিনি এর কারণও ব্যাখ্যা করেন। দেব বলেন, তিনি এখন এমন এক জায়গায় পৌঁছে গিয়েছেন, যার উপরে আর কিছু হয় না। মানুষ তাঁর কাছ থেকে অনেক আশা রাখেন, আর সেই আশা যদি তিনি পূরণ করতে না পারেন, সেই ভয়টাই তাঁকে তাড়া করে।

অভিনেতা আরও বলেন, “আমি ভগবান নই যে সব ঠিক করে দেব। সবকিছু আমার ঠিক হবে, এমনটাও নয়। কিন্তু উপর থেকে নীচে পড়লে তা মেনে নেওয়া কঠিন।”

তিনি জানান, তিনি আরও অন্তত ২০ বছর সাফল্যের শিখরেই থাকতে চান। দেবের মতে, “সাফল্য অর্জন করা সহজ হলেও ধরে রাখা কঠিন।” আগামী দিনে এই সাফল্য তিনি ধরে রাখতে পারবেন কিনা, সেই অনিশ্চয়তা নিয়েই তাঁর ভয় হয় বলে জানান তিনি।

প্রসঙ্গত, এবার পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে বক্স অফিস সংগ্রহের দিক দিয়ে ‘রঘু ডাকাত’ এগিয়ে রয়েছে। আগামীতে দেবের ‘প্রজাপতি ২’ মুক্তি পেতে চলেছে। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে তাঁকে সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেখা যাবে। সেখানে নায়িকা হিসেবে থাকবেন ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী।