আগরতলায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর! সরাসরি পুলিশের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ দায়ের করল দল,

ত্রিপুরার আগরতলায় তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য-দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এবার সরাসরি পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করল দল। বৃহস্পতিবার এই অভিযোগপত্রের ছবি দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল বিজেপি-র বিরুদ্ধে **’পরিকল্পিত ষড়যন্ত্রে’**র অভিযোগ তুলেছে।
বিজেপির গুন্ডামি, পুলিশের নিষ্ক্রিয়তা
তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগপত্রে উল্লেখ করেছে, “বিজেপি সদস্যদের দ্বারা আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আজ আগরতলা পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।”
দলের অভিযোগ, রাজনৈতিক ভিন্নমত দমন করতে, কর্মীদের ভয় দেখাতে এবং কার্যক্রম ব্যাহত করতে ‘পরিকল্পনা করে সহিংসতা, হুমকি এবং ভাঙচুর’ করানো হয়েছে। বিজেপি-র নেতৃত্বে লাঠি, রড এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে অফিসের সম্পত্তি নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনাটিকে “ইচ্ছাকৃতভাবে গুন্ডামির বহিঃপ্রকাশ” বলে উল্লেখ করে তৃণমূল অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।
কুণাল-সায়নীদের চরম হেনস্তা
দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনার পরই বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের নেতৃত্বে সায়নী ঘোষ সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল ত্রিপুরায় পাঠান।
কিন্তু কুণাল ঘোষ অভিযোগ করেন, আগরতলা বিমানবন্দরে নামার পর থেকেই তাঁদের চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। তাঁদের জন্য পাঠানো গাড়ি এয়ারপোর্টে ঢোকার আগেই আটকে দেওয়া হয়। এমনকি তাঁরা কোনো প্রিপেইড ট্যাক্সিও পাননি বলে অভিযোগ। এই হেনস্তার প্রতিবাদে কুণাল ঘোষ ও দলের অন্য সদস্যরা বিমানবন্দরের বাইরেই ধর্নায় বসতে বাধ্য হন।
তৃণমূলের অভিযোগ, উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষের উপর হামলার প্রতিবাদ হিসেবেই ত্রিপুরায় এই পাল্টা আক্রমণ চালিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে আগরতলা পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর ত্রিপুরার রাজনীতিতে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।