রাজ্যের আইনশৃঙ্খলা শ্বাসরোধের পর্যায়ে, বোস! তবে বাংলার মানুষ কী চাইছে? সরাসরি রাজ্যপালের কাছে বার্তা শুভেন্দুর

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দেওয়ার পর রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু স্পষ্ট দাবি করেন, শুধু রিপোর্ট দিলে হবে না, রাজ্যবাসীর আবেগ বুঝে ‘অ্যাকশন’ নিতে হবে।

ফেব্রুয়ারিতে নির্ঘণ্ট না বেরোলে রাষ্ট্রপতি শাসন?
রাজ্যপালের রিপোর্ট ছাড়াও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া (SIR) নিয়েও নিজের মতামত জানান শুভেন্দু। তিনি বলেন, রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর যে কোনো দিন নির্বাচন কমিশন ভোট করতে পারে।

শুভেন্দুর দাবি:

“নির্বাচনী প্রক্রিয়া যদি ২৫ এপ্রিলের মধ্যে শেষ না হয়, সেক্ষেত্রে ৫ তারিখ থেকে আপনাআপনিই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে।”

“ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি চূড়ান্ত তালিকা না বেরোয়, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ না করা হয়, তাহলে এই পরিস্থিতি তৈরি হতে পারে।”

শুভেন্দু বলেন, বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ছ’মাসের মধ্যেই নির্বাচন করতে হয় এবং এটাই নিয়ম। এই পরিস্থিতিতে SIR প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মানুষ ‘দৃশ্যমান অ্যাকশন’ চাইছে
রাজ্যপালের ভূমিকা প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আমাদের রাজ্যপাল অত্যন্ত সংবেদনশীল। দ্রুত সর্বত্র পৌঁছে যান… উনি প্রোটোকল মানুন, রিপোর্ট দিন। কিন্তু দৃশ্যমান অ্যাকশন চাইছেন মানুষ, যা চোখে দেখা যায়। এটা মানুষের আবেগ। দলমত নির্বিশেষে সকলেই চাইছেন।”

উল্লেখ্য, বুধবার রাষ্ট্রপতিকে রিপোর্ট দেওয়ার পর রাজ্যপাল জানিয়েছিলেন যে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটে ভালো নয়, এটি ‘শ্বাসরোধের পর্যায়ে’ পৌঁছেছে। উপযুক্ত পদক্ষেপ করার সময় হয়েছে বলেও তিনি জানান। তবে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে স্পষ্ট করেন রাজ্যপাল। কিন্তু শুভেন্দুর এই ‘অ্যাকশন’ চাওয়ার দাবি রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।