রিঙ্কু সিংকে খুনের হুমকি, ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে কেন্দ্র করে আন্ডারওয়ার্ল্ডের হুমকির চাঞ্চল্যকর খবর সামনে এল। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, রিঙ্কু সিংয়ের ইভেন্ট ম্যানেজারকে হুমকি দিয়ে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্ত মুহাম্মদ দিলশাদ নৌশাদ নামে এক ব্যক্তি রিঙ্কু সিংকে সরাসরি হুমকি দেননি। তিনি ইমেলের মাধ্যমে রিঙ্কুর ইভেন্ট ম্যানেজারকে হুমকি পাঠান। অভিযুক্ত নিজেকে কুখ্যাত ‘ডি-কোম্পানি’র সদস্য বলে দাবি করেন এবং মুক্তিপণ না দিলে খুনের হুমকি দেন।
ক্রাইম ব্রাঞ্চের তদন্তে জানা গিয়েছে, এই একই অভিযুক্ত নৌশাদ প্রয়াত এনসিপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীকেও হুমকি মেল পাঠিয়েছিলেন। জিশান সিদ্দিকী এই বিষয়ে ২০২৫ সালের এপ্রিলে অভিযোগ দায়ের করেন। ইমেলটিতে জিশানকে খুনের হুমকি দেওয়া হয় এবং বলা হয়, টাকা না দিলে তাঁর পরিণতি বাবা সিদ্দিকীর মতোই হবে।
মুম্বই পুলিশ বিহারের দ্বারভাঙার বাসিন্দা ৩৩ বছর বয়সী অভিযুক্ত মুহাম্মদ দিলশাদ নৌশাদকে ত্রিনিদাদ ও টোবাগো থেকে ভারতে এনেছে। বান্দ্রা পুলিশ প্রথমে অজ্ঞাতপরিচয় ইমেল প্রেরকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। পরে ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেল গুগল এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে।
তদন্তে জানা যায়, হুমকি মেলের আইপি অ্যাড্রেস ত্রিনিদাদ ও টোবাগো থেকে এসেছে। এরপর ইন্টারপোলের জারি করা লুক আউট সার্কুলার (LOC) এর ভিত্তিতে বিদেশ মন্ত্রকের সহায়তায় মুম্বই পুলিশ নৌশাদকে ভারতে প্রত্যর্পণ করতে সক্ষম হয়। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পরই তাঁকে গ্রেফতার করা হয়।