‘কিলার কফ সিরাপ’ কাণ্ড! ২০ শিশুর মৃত্যুতে গ্রেফতার মালিক, ২ দিনে বাতিল হচ্ছে লাইসেন্স

মধ্যপ্রদেশে ‘কোল্ড্রিফ কফ সিরাপ’ খেয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অন্তত ২০ শিশুর। এই ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হতেই গ্রেফতার করা হলো তামিলনাড়ুর সেই ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিককে। মধ্যপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির মালিক এস রঙ্গনাথনকে গ্রেপ্তার করেছে।
এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমণিয়ম। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, “কোম্পানিটির লাইসেন্স ইতিমধ্যেই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী তদন্তের ভিত্তিতে আগামী দুই দিনের মধ্যে সেটি স্থায়ীভাবে বাতিল করে দেওয়া হবে।”
মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা বুধবার জানান, কোল্ড্রিফ কফ সিরাপ সেবনের ফলে ২০টি শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ৫ জন চিকিৎসাধীন রয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন ছিন্দওয়াড়া জেলার, ২ জন বেতুল জেলার এবং ২ জন পাণ্ডুরনা জেলার বাসিন্দা ছিল।
গ্রেফতার ডাক্তারকে মুক্ত করার দাবিতে পথে চিকিৎসক দল
অন্যদিকে, এই ঘটনায় ছিন্দওয়াড়া জেলায় বিক্ষোভ দেখিয়েছেন ডাক্তার ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর প্রতিনিধিরা। সম্প্রতি কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া সরকারি চিকিৎসক প্রবীণ সনিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। ছিন্দওয়াড়ার পারাসিয়া সিভিল হাসপাতালের সরকারি শিশু বিশেষজ্ঞ ডঃ সনিকে সম্প্রতি সাসপেন্ড করা হয় এবং আইনি পদক্ষেপের পর তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
বাড়ি বাড়ি ঘুরে হবে সিরাপ বাজেয়াপ্ত করার অভিযান
ঘটনার ভয়াবহতা উপলব্ধি করে নড়েচড়ে বসেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সোমবার তিনি ভোপালের মুখ্যমন্ত্রী আবাসে এক উচ্চ-পর্যায়ের বৈঠক করেন। সেখানে ২ জন ড্রাগ ইন্সপেক্টর ও খাদ্য ও ওষুধ প্রশাসনের উপ-নির্দেশককে সাসপেন্ড করার এবং এক ড্রাগ কন্ট্রোলারের বদলির নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অবিলম্বে কোল্ড্রিফ সিরাপের বিক্রি বন্ধ করে দোকানে মজুত স্টক বাজেয়াপ্ত করতে হবে। একই সঙ্গে, ছিন্দওয়াড়া এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে যে পরিবারগুলি এই সিরাপ সেবন করেছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে তা বাজেয়াপ্ত করার জন্য একটি বড়সড় অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।