“SIR হলে ১.২ কোটি নাম বাদ যাবে”-বাংলায় BJP জিতবে, জানালেন শান্তনু ঠাকুর

‘স্টেট ইনডেক্স অফ রেজিস্ট্রার’ (SIR) চালু হলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়বে, যা আসন্ন নির্বাচনে বিজেপিকে বিপুলভাবে লাভবান করবে— এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তাঁর এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তোলপাড়।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতা এলাকায় এক বিজেপি কর্মীসভায় যোগ দিয়ে শান্তনু ঠাকুর বলেন, “যদি SIR হয়, তাহলে অন্তত ১ কোটি থেকে ১.২ কোটি নাম বাদ যাবে। বিজেপি এতে লাভবান হবে, আর তাতেই এই রাজ্যে সরকার বদল হবে।”
শান্তনু ঠাকুরের দাবি, বহু বছর ধরেই বাংলার ভোটার তালিকায় এমন নাম রয়েছে, যাঁরা আসলে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বা ‘ভূতুড়ে ভোটার’। তিনি স্পষ্ট জানান যে একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করাই তাঁর লক্ষ্য।
তিনি বলেন, “এইসব ভুয়ো ভোটারদের সরিয়ে দেওয়া গেলে সাধারণ মানুষই ভোট দিতে পারবেন। যাঁরা রাজ্যে শিল্প চান, ভালো শিক্ষা চান, উন্নত স্বাস্থ্যব্যবস্থা চান, সেই সাধারণ মানুষই ভোট দিয়ে বিজেপিকে জেতাবেন।”
তবে একইসঙ্গে শরণার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, “শরণার্থীদের কাউকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। যাঁরা আশ্রয় নিয়েছেন এবং নাগরিকত্ব পেয়েছেন, তাঁরা ভোটার হিসেবেই থেকে যাবেন।”
শান্তনু ঠাকুরের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের নেত্রী মমতা বালা ঠাকুর বলেন, “SIR হলে সবচেয়ে ক্ষতি হবে মতুয়া শরণার্থীদের। বিজেপির নিজের সমর্থকদের নামই বাদ যাবে। তৃণমূলের কিছুই ক্ষতি হবে না, উল্টে আমাদের আসন বাড়বে।”
বিশ্লেষকদের মতে, রাজ্য রাজনীতিতে মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনগাঁ এবং তার সংলগ্ন অঞ্চলে এই সম্প্রদায়ের ভোটের প্রভাব যথেষ্ট বেশি। ফলে শান্তনু ঠাকুরের এই বক্তব্যকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ ভোটব্যাঙ্কে ফের আলোচনা তুঙ্গে। সত্যিই কি SIR চালু হলে বিজেপি লাভবান হবে? নাকি উল্টে মতুয়াদের মধ্যেই বিভাজন তৈরি হবে? এই প্রশ্নগুলিই এখন রাজনৈতিক বিশ্লেষকদের ভাবাচ্ছে।