“আমরা দিদির লোক, খুন করে দেব…”-সেদিন কী হয়েছিল? জানালেন খগেন মুর্মু

জলপাইগুড়ির নাগরাকাটাতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তৃণমূল সমর্থক দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার পর শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। গত সোমবারের এই রক্তক্ষয়ী ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান-উতোর তুঙ্গে। চোখের নিচে আঘাত নিয়ে চিকিৎসাধীন খগেন মুর্মু হাসপাতালের বেডে শুয়েই সেদিনের ঘটনার বিবরণ দিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
আহত সাংসদ অভিযোগ করেন, এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের লোকজন তাঁদের ঘিরে ধরে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিতে শুরু করে। যদিও তাঁর শারীরিক অবস্থা ভালো নয়, তবুও তিনি জানান, “সেদিন যারা আমাদের উপর হামলা করে, তারা নিজেদের ‘দিদির লোক’ বলছিল। ওরা আমাদের ঢুকতে দিচ্ছিল না, বিজেপি নেতারা কেন গিয়েছে, সেই প্রশ্ন তুলছিল।”
সাংসদ মুর্মু জানান, তাঁরা এলাকা ছেড়ে চলেও আসছিলেন, ঠিক তখনই একদল দুষ্কৃতী তাঁদের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এলোপাথাড়ি পাথর ছোড়া হয় এবং একটি পাথর সরাসরি তাঁর মুখে লাগে, যার ফলে তাঁর বাঁ চোখের নিচের হাড়ে গুরুতর আঘাত লাগে।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
খগেন মুর্মু এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, পুলিশকর্মীদের সামনেই তাঁকে ও বিধায়ক শঙ্কর ঘোষকে তাড়া করা হয় এবং দুষ্কৃতীরা পাথর ছুঁড়তে শুরু করে। অথচ পুলিশ ‘দর্শকের ভূমিকা’ পালন করেছে, কোনো পদক্ষেপ করেনি।
তিনি বলেন, “ওরা আমাদের চলে যেতে বলে। আমরা গাড়ির দিকে আসতে শুরু করি। তখনই পাথর ছোড়ে। পাথর আমার মুখে লাগে, ফেটে যায়। গাড়ির জানলার কাচ ভেঙে দেয়। রক্তাক্ত অবস্থায় গাড়িতে বসি। কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসি। পুলিশের সামনেই সব হয়।”
মুখ্যমন্ত্রীর সফরের পরও প্রশ্ন
মঙ্গলবার খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সময় পর্যন্ত অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দেখতে এসেছিলেন। অথচ তখন গ্রেফতারির বিষয়ে কোনও আশ্বাস দেননি। এটা কাম্য নয়।”
এদিকে, আজ বুধবার এই হামলার ঘটনায় গোবিন্দ শর্মা নামে নাগরাকাটার এক তৃণমূল সমর্থককে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বিজেপির তরফে এই ঘটনায় মোট আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।