‘বিষাক্ত’ Coldrif কাফ সিরাপ কোন কোন দেশে গিয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট চাইল WHO

ভারতের তৈরি একটি কাফ সিরাপ (কাশির ওষুধ) খেয়ে দেশের অন্তত ২০ জন শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ‘কোল্ডরিফ’ (Coldrif) নামক এই সিরাপটি খেয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
এই ভয়াবহ খবর সামনে আসার পরই WHO জরুরি ভিত্তিতে ভারত সরকারের কাছে জানতে চেয়েছে, এই বিষাক্ত সিরাপটি দেশের বাইরে আর কোন কোন দেশে রপ্তানি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দ্রুত এই তথ্য জানা প্রয়োজন, কারণ এরপরই তারা ‘World Medical Product Alert’ জারি করবে। এই সতর্কতা জারি হলে বিশ্বজুড়ে কোল্ডরিফ সিরাপের ব্যবহার বন্ধ হবে এবং ভবিষ্যতে বিপদের আশঙ্কা কমবে।
সিরাপে বিষের মাত্রা ৫০০ গুণ বেশি!
যতদূর খবর, এই মর্মান্তিক ঘটনায় দেশের ২০টি শিশুর প্রাণ গিয়েছে। এছাড়াও, মধ্যপ্রদেশের ছিন্ডওয়াড়া-র আরও ৬টি শিশু এই সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তাদের নাগপুরের হাসপাতালে চিকিৎসা চলছে।
প্রাথমিক পরীক্ষার পর জানা গিয়েছে, ‘কোল্ডরিফ’ কাফসিরাপটিতে ডাইথাইলিন গ্লাইকল (Diethylene Glycol – DEG) নামক এক বিষাক্ত রাসায়নিকের মাত্রা ছিল নির্ধারিত পরিমাণের চেয়ে ৫০০ গুণ বেশি! এই DEG কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর এবং এর ফলেই শিশুদের কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছে বলে মনে করা হচ্ছে।
নড়েচড়ে বসেছে কেন্দ্র, চিকিৎসকের গাফিলতি নিয়ে তদন্ত
ঘটনার গুরুত্ব বুঝে কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোল্ডরিফ কাফসিরাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কড়া নির্দেশ দিয়েছে যে, এখনও যদি কোথাও এই সিরাপের স্টক থাকে, তা যেন ব্যবহার করা না হয়।
এই ঘটনায় গাফিলতির অভিযোগে তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। SIT ইতিমধ্যেই একজন চিকিৎসক, ডাঃ প্রবীণ সোনী-কে গ্রেপ্তার করেছে।
এর আগেও WHO-এর আঙুল ছিল ভারতের দিকে
ভারতীয় কাফ সিরাপ নিয়ে WHO বা CDC-এর প্রশ্ন তোলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে:
২০২৩ সালে গাম্বিয়া: সে বছর গাম্বিয়া অভিযোগ করেছিল যে ভারতের তৈরি কাফ সিরাপ খেয়ে সেই দেশের বেশ কিছু শিশু মারা গেছে।
WHO-এর কড়া মন্তব্য: গাম্বিয়ার ঘটনার ৪ মাস আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ভারতে তৈরি হওয়া এই ওষুধগুলির গুণমান ভালো নয় এবং গাম্বিয়ার ৪টি শিশুর মৃত্যুর সঙ্গে এর যোগ থাকতে পারে।
তাই এই ঘটনা ফের একবার আন্তর্জাতিক মহলে ভারতের ওষুধ প্রস্তুত প্রণালী এবং গুণমান নিয়ন্ত্রণের উপর বড়সড় প্রশ্নচিহ্ন ফেলে দিল। অভিভাবকরা এখন থেকে কাশির সিরাপ খাওয়ানোর আগে যেন আরও সতর্ক হন, সেই পরামর্শই দেওয়া হচ্ছে।