চিৎকার করলে ‘আরও গরম তেল’! স্বামীর মুখ ঝলসে দিয়ে ঘরের ভেতরে লুকিয়েছিল স্ত্রী, দিল্লিতে গ্রেফতার অভিযুক্ত

দিল্লির আম্বেদকর থানা এলাকায় এক চাঞ্চল্যকর ও নৃশংস ঘটনা সামনে এসেছে। গত ২ অক্টোবর রাতে ঘুমন্ত স্বামীর মুখে ফুটন্ত তেলে লঙ্কাগুঁড়ো (Chilli Powder) মিশিয়ে ঢেলে দিলেন স্ত্রী। ফার্মাসিউটিক্যাল ফার্মের কর্মী দীনেশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ২ অক্টোবর রাতে দীনেশ বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। ভোর ৩টা নাগাদ দীনেশের স্ত্রী একটি পাত্রে ফুটন্ত গরম তেলে লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে আসেন এবং ঘুমন্ত স্বামীর মুখে ঢেলে দেন।
‘চিৎকার করলে আরও গরম তেল ঢেলে দেব!’
দীনেশ পরে সংবাদমাধ্যমকে জানান, “আমি ঘুমচ্ছিলাম। আমার স্ত্রী আমার মুখে ওই ফুটন্ত তেল ঢেলে দেয়। যন্ত্রণায় আমি কাতরাতে থাকলে ঠান্ডা গলায় সে বলে, চিৎকার করলে আরও গরম তেল ঢেলে দেব।”
দীনেশের চিৎকারে প্রতিবেশীরা জেগে ওঠেন এবং সঙ্গে সঙ্গে তাঁদের বাড়িতে চলে আসেন। দীনেশের বাড়িওয়ালার মেয়ে অঞ্জলি জানান, “চিৎকার শুনেই আমার বাবা দৌড়ে উপরে যান। দীনেশদের বাড়ির দরজা বন্ধ ছিল। তার স্ত্রী ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। আমরা তাদের দরজা ভেঙে ভেতরে ঢুকি।”
তাঁরা দেখেন দীনেশ ব্যথায় কাতরাচ্ছেন এবং তাঁর স্ত্রী ঘরের ভেতরে লুকিয়ে আছেন।
হাসপাতালে নিয়ে যাওয়ার নাটক ও পুলিশি পদক্ষেপ
প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে দীনেশের স্ত্রী প্রথমে বলেন, তিনি দীনেশকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু নীচে নামার পর তিনি অন্য দিকে হাঁটা দেন। অঞ্জলি জানান, সন্দেহ হওয়ায় তাঁর বাবা তৎক্ষণাৎ একটি অটো ডেকে দীনেশকে হাসপাতালে নিয়ে যান।
গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে দীনেশকে সফদরজঙ্গ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ বছর আগে দীনেশের বিয়ে হয়েছিল। দু’বছর আগে, তাঁর স্ত্রী CAW সেলের কাছে অভিযোগ দায়ের করেছিলেন, তবে দুই পক্ষের আপসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছিল। স্ত্রীর এই নৃশংস হামলার নেপথ্যে পুরনো কোনো পারিবারিক বিবাদ কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে আম্বেদকর থানার পুলিশ।