১৬ কোটি ডলারের ব্যক্তিগত সম্পদ, ১৫ স্ত্রী, ৩০ সন্তান, দেশের দারিদ্র ভুলে রাজার বিলাসে তোলপাড় আফ্রিকা

আফ্রিকার ক্ষুদ্র রাষ্ট্র ইসোয়াতিনির (Eswatini) রাজা তৃতীয় মসোয়াতি (Mswati III)-র বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে নতুন করে শুরু হয়েছে আন্তর্জাতিক চর্চা। দেশের বড় অংশের জনগণ যখন দারিদ্রসীমার নিচে বাস করেন, তখন রাজার গ্যারাজে শোভা পাচ্ছে সারি সারি বিদেশি গাড়ি, এবং ব্যক্তিগত বিমান ছাড়া তিনি কখনও বিদেশযাত্রা করেন না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর সপরিবারে আবুধাবি ভ্রমণের ছবি নতুন করে ছড়িয়ে পড়তেই এই বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

বিলাসিতার জীবন ও রাজার অদ্ভুত নিয়ম
ইসোয়াতিনির এই রাজাকে তাঁর দেশের জনগণ ‘দ্যা লায়ন’ বলে ডাকেন। রাজার সংসার বিশাল। তাঁর মোট ১৫ জন স্ত্রী এবং ৩০ জন সন্তান। এই বিরাট পরিবার চালানোর জন্য তাঁর বাড়িতে কাজ করেন শতাধিক গৃহ সহায়ক।

রাজা তৃতীয় মসোয়াতি প্রতি বছর রিড ডান্স (Reed Dance) অনুষ্ঠানের মাধ্যমে ঘরে আনেন নতুন রানি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—তিনি প্রত্যেক নতুন রানিকে একটি করে বিদেশি গাড়ি উপহার দেন।

বিয়ের জন্য স্ত্রী বাছাইয়ের পদ্ধতিটিও বেশ আলাদা। প্রতি বছর অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত, একটি বিশেষ সম্প্রদায়ের হাজার হাজার কুমারী মেয়ে রাজার স্ত্রী বাছাই অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে রাজা একজনকে নিজের স্ত্রী হিসাবে বেছে নেন।

দেশের সম্পদ রাজার হাতে কুক্ষিগত
১৯৮৬ সাল থেকে ইসোয়াতিনি শাসন করছেন রাজা তৃতীয় মসোয়াতি। দেশটি অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হলেও, রাজার ব্যক্তিগত সম্পদের পরিমাণ কয়েক কোটি ডলার। ক্ষুদ্র আকৃতির এই দেশটির জাতীয় সম্পদ প্রায় পুরোটাই রাজার হাতে কুক্ষিগত।

রাজার এই অকল্পনীয় বিলাসের বিপরীতে দেশের পরিস্থিতি ভয়াবহ। দেশটির স্বাস্থ্য ও শিক্ষার অবস্থা তলানিতে ঠেকেছে, সরকারি হাসপাতালে পরিষেবা পাওয়া প্রায় অসম্ভব। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমবর্ধমান এবং কর্মসংস্থান নেই।

দেশের প্রধান অংশের মানুষ দারিদ্রের সঙ্গে লড়াই করলেও, রাজার ব্যক্তিগত বিমানে করে পুরো পরিবার নিয়ে আবুধাবি ভ্রমণের ছবি সেই বৈষম্যকেই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।