‘মাঠে নামার আগে দেখা উচিত ছিল’, সামান্য প্রযুক্তিগত ত্রুটিতেই বেহাল বন্দে ভারত, ১৫ ঘণ্টার সফর দাঁড়াল ২৮ ঘণ্টায়

গালভরা প্রচারের বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) কুলমান নিয়ে প্রশ্ন উঠল। একটি সামান্য প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশের অন্যতম দ্রুতগামী এই ট্রেনের চালিকা সংস্থা ভারতীয় রেলের মুখ পুড়ল। সাবরমতী-গুরগাঁও বন্দে ভারত স্পেশালের ১৫ ঘণ্টার নির্ধারিত যাত্রাপথ গিয়ে দাঁড়াল ২৮ ঘণ্টার হাঁসফাঁস করা প্রাণান্তকর জার্নিতে।

৮৯৮ কিলোমিটারের নির্ধারিত পথে না গিয়ে ট্রেনটিকে ঘুরতে হলো প্রায় ১৪০০ কিলোমিটারের বেশি পথ!

৬০ কিলোমিটার যেতেই মুখ থুবড়ে পড়ল ট্রেন
সাবরমতী থেকে আজমির, জয়পুর হয়ে গুরগাঁও যাওয়ার এই সেমি হাইস্পিড ট্রেনটির নির্ধারিত সময় ছিল মাত্র ১৫ ঘণ্টা। কিন্তু, যাত্রা শুরুর পর মাত্র ৬০ কিলোমিটার এসেই গুজরাটের মেহসানার কাছে ট্রেনটিকে থেমে যেতে হয়। কারণ, এরপরে যাওয়ার মতো প্রযুক্তির কাজ পরবর্তী রেলপথে শেষ করা হয়নি।

মূল সমস্যাটি হলো, পশ্চিম রেলের যে পথে ট্রেনটির যাওয়ার কথা ছিল, সেই এলাকায় ওভারহেড বৈদ্যুতিক তারের উচ্চতা সাধারণের চেয়ে অনেক বেশি—প্রায় ৭.৪৫ মিটার। কারণ এই পথ দিয়ে দ্বিগুণ উঁচুর পণ্যবাহী কন্টেনার চলাচল করে।

বন্দে ভারত এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ (যে অংশ বিদ্যুতের তার স্পর্শ করে), সেই সাধারণ উচ্চতার তার স্পর্শ করতে পারেনি। ফলে উচ্চ ভোল্টেজের তার থাকা সত্ত্বেও বিদ্যুতের সংযোগ নিতে ব্যর্থ হয় ট্রেনটি।

ঘুরপথে ১৪০০ কিমি, সময় লাগল ২৮ ঘণ্টা
মেহসানায় ট্রেনটি থেমে যাওয়ার পরেই টনক নড়ে রেল কর্তৃপক্ষের। তড়িঘড়ি একমাত্র বুদ্ধি বের হয় ট্রেনটিকে সম্পূর্ণ ঘুরপথে গন্তব্যে নিয়ে যাওয়া। বন্দে ভারত ট্রেনটিকে আমদাবাদ, উদয়পুর, কোটা, জয়পুর ও মথুরা ঘুরিয়ে শেষ পর্যন্ত গন্তব্যে আনা হয়। এই অতিরিক্ত পথ পেরোতে সময় লেগে যায় ২৮ ঘণ্টা।

এই ঘটনায় রেল কর্তৃপক্ষ চরম অস্বস্তিতে পড়ে যায়। সরকারিভাবে জানানো হয়েছে, টেকনিক্যাল ত্রুটির কারণে এমনটি হয়েছে এবং আগেই এটা চেক করে নেওয়া উচিত ছিল। যাত্রী এবং সাধারণ মানুষের মতে, “মাঠে নামার আগে দেখে নেওয়া উচিত ছিল, কোন মাঠে কত জল।” দেশের অন্যতম দ্রুতগতির ট্রেনের এমন ভুল রুটে চলার ঘটনায় রেলের পরিকল্পনার অভাবই প্রকট হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।