কার্নিভালের কটাক্ষই শক্তি! উত্তরবঙ্গের পাশে একজোট টলিউড, ২০ লক্ষ টাকা দিলেন তারকারা

একদিকে উত্তরবঙ্গের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে দুর্গাপুজোর কার্নিভাল— এই দুইয়ের দ্বন্দ্বে গত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রে ছিল টলিউড। কার্নিভালে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাচের জন্য নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছিল একাধিক তারকাকে। সেই ট্রোলের মুখেই এবার বন্যা দুর্গত উত্তরবঙ্গের পাশে একজোট হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেব, প্রসেনজিৎ, ঋতুপর্ণা সহ গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।
বাংলা সিনেমার সঙ্গে উত্তরবঙ্গের সম্পর্ক বহু পুরোনো। বহু ছবির শুটিং হয়েছে পাহাড়ে। সেই সম্পর্কের টানেই মঙ্গলবার বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর ঘোষণা করল টলিউড। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্ট করেন।
তাঁরা লেখেন, “দুর্গাপূজায় বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে। কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে। আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা হাতে-হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ।”
তাঁদের সংযোজন, “সিনেমা শুধু বিনোদন নয়, ভরসাও দিতে পারে। আমরা হয়তো অনেক দূরে থাকি, তবুও সবসময়ে আপনাদের পাশে রয়েছি। আপনাদের সাহসই আমাদের শক্তি জোগায়।”
ট্রোলের চাপেই কি তড়িঘড়ি উদ্যোগ?
গত রবিবার রেড রোডের মেগা কার্নিভালে যোগ দিয়েছিলেন টলিউডের বহু তারকা। উত্তরবঙ্গ যখন ভাসছে, তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশ কটাক্ষ করে বলেন, “উত্তরবঙ্গ ভাসছে আর টলিপাড়া নাচছে মুখ্যমন্ত্রীর সঙ্গে।” কেউ কেউ তারকাদের ‘শিরদাঁড়া নেই’ বলেও ট্রোল করেন।
এই তীব্র সমালোচনার মুখে পড়েই যেন তড়িঘড়ি উত্তরবঙ্গের বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।
২০ লক্ষ টাকা সংগ্রহ, দেবের ব্যক্তিগত ত্রাণ
জানা গেছে, টলিউডের অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীরা মিলে এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন উত্তরবঙ্গের ত্রাণের জন্য। সংগৃহীত এই অর্থ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।
অন্যদিকে, অভিনেতা-সাংসদ দেব ব্যক্তিগতভাবে পাহাড়ে ত্রাণ সামগ্রী পাঠানোর বন্দোবস্ত করেছেন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। অভিনেত্রী রুক্মিণী মৈত্রও একদিন আগেই উত্তরবঙ্গের পরিস্থিতি বিবেচনা করে তাঁর পরবর্তী সিনেমার টিজার লঞ্চ বাতিল করেছিলেন।
প্রসঙ্গত, লাগাতার বৃষ্টি এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা হড়পা বানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং জীবন বিপর্যস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে টলিউডের এই উদ্যোগ নিঃসন্দেহে দুর্গত মানুষের জন্য এক বড় ভরসা।