উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ! তিস্তা-তোর্সা, বন্দে ভারত সহ একগুচ্ছ ট্রেনের রুট বদল, সমস্যায় হাজার হাজার যাত্রী

টানা প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গে বন্যার প্রভাব এবার সরাসরি পড়ল রেল পরিষেবায়। জল জমে যাওয়ায় এবং একাধিক স্থানে লাইনের সুরক্ষার কথা মাথায় রেখে আলিপুরদুয়ার ডিভিশনে চলাচলকারী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের রুট পরিবর্তন করেছে ভারতীয় রেল।
মঙ্গলবার সন্ধ্যায় রেলের তরফে জানানো হয়েছে, বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতিপথ বদল করা হচ্ছে। এর ফলে কলকাতা ও অন্যান্য রাজ্য থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে কলকাতা বা দেশের অন্যান্য প্রান্তে যাওয়া হাজার হাজার যাত্রী সমস্যায় পড়বেন।
যে ট্রেনগুলির রুট বদল হলো:
আলিপুরদুয়ার ডিভিশনের উপর দিয়ে চলাচলকারী যে সমস্ত ট্রেনের রুটে পরিবর্তন আনা হয়েছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো:
তিস্তা-তোর্সা এক্সপ্রেস
উত্তরবঙ্গ এক্সপ্রেস
বন্দে ভারত এক্সপ্রেস
নর্থ ইস্ট এক্সপ্রেস
সরাইঘাট এক্সপ্রেস
গান্ধীধাম এক্সপ্রেস
অমরনাথ এক্সপ্রেস
ব্রহ্মপুত্র এক্সপ্রেস
লোকমান্য তিলক এক্সপ্রেস
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ট্রেনগুলি সাময়িকভাবে বিকল্প রুটে চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুট পরিবর্তন বলবৎ থাকবে। যাত্রীদের যাত্রা শুরুর আগে নতুন রুট সম্পর্কে বিশদে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।