“তদন্ত না হওয়া পর্যন্ত জেলেই থাকতে রাজি!”, সুপ্রিম কোর্টে শুনানি শুরুর আগে যোধপুর জেল থেকে বিস্ফোরক সোনম ওয়াংচুক!

লাদাখের পূর্ণ রাজ্যের দাবিতে আন্দোলনকারী পরিবেশ ও শিক্ষা নেতা সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে তাঁর স্ত্রীর দায়ের করা মামলার শুনানি আজ, সোমবার, সুপ্রিম কোর্টে শুরু হবে। শীর্ষ আদালতে শুনানি শুরুর ঠিক আগের দিন, রবিবার, যোধপুর জেল থেকে এক বার্তায় লাদাখের এই নেতা তাঁর অবস্থান স্পষ্ট করলেন।
সোনম ওয়াংচুক দাবি করেছেন, গত মাসে লে-তে যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল, তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। তিনি জানিয়েছেন, সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বেচ্ছায় কারাগারেই থাকতে প্রস্তুত।
জেল থেকে লাদাখবাসীকে বার্তা: অহিংস আন্দোলন হোক
রবিবার যোধপুর জেলে সোনমের সঙ্গে দেখা করেন লে এপেক্স বডির আইন উপদেষ্টা হাজী মুস্তফা এবং তাঁর দাদা কে সেতাঙ দোরজি। এই সাক্ষাতের মাধ্যমেই সোনম লাদাখবাসীকে গুরুত্বপূর্ণ বার্তা দেন।
তিনি লাদাখবাসীকে পূর্ণ রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে একই সঙ্গে তাঁর কড়া নির্দেশ, আন্দোলন যেন কোনোভাবেই হিংস্র রূপ না নেয় এবং গান্ধীবাদী অহিংস পথে প্রতিবাদ করতে হবে।
কেন NSA-তে গ্রেফতার? আজ সুপ্রিম কোর্টে কেন্দ্রের হলফনামা
সরকারি সূত্রের খবর, সোনম ওয়াংচুককে কেন জাতীয় নিরাপত্তা আইনে (NSA) গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কেন্দ্র আজ শীর্ষ আদালতে লিখিতভাবে জানাতে পারে।
কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) এর আগে বিবৃতি দিয়ে জানিয়েছিল, লাদাখের অশান্তির মূলে এই অধিকার আন্দোলনের নেতার ভূমিকাই সবচেয়ে বেশি। অভিযোগ— তিনি অনশন আন্দোলনের পাশাপাশি মানুষকে খেপিয়ে তুলেছিলেন। গত মাসের ২৪ তারিখে লে-তে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হন, যার মধ্যে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মীও ছিলেন।
প্রশাসনের অভিযোগ, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে সোনম অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে চলে যান এবং অশান্তি থামাতে তিনি কোনো পদক্ষেপ করেননি।
পাকিস্তান ও ইউনুসের সঙ্গে যোগাযোগের অভিযোগ
সোনম ওয়াংচুকের বিরুদ্ধে দেশবিরোধী শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগও তুলেছে প্রশাসন। চলতি বছরের গোড়ার দিকে তাঁর পাকিস্তান সফরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। যদিও সোনমের দাবি, পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনায় অংশ নিতে তিনি ভারত সরকারের অনুমতি নিয়েই ইসলামাবাদ গিয়েছিলেন এবং সেখানে সরকারবিরোধী কোনো কথা বলেননি।
অন্যদিকে, এই গ্রেফতারের পর থেকেই সমাজমাধ্যমে সোনমের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একটি পুরনো ছবি ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ছবিটি বহু পুরনো এবং ইউনূসের সঙ্গে সোনমের কোনো বিশেষ সম্পর্ক বা যোগাযোগ নেই, একবারই তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল।