১২ হাজার টাকার বিনিময়ে সর্বনাশ! অসমে বিপুল কফ সিরাপ আটক, চালকের দাবি ঘিরে বাড়ছে রহস্য!

পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পাচারের পথে ফের বড়সড় সাফল্য পেল অসম পুলিশ। শনিবার অসমের চুরাইবাড়ি ওয়াচ পোস্টের কাছে একটি বারো চাকার ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই সিরাপের বাজারমূল্য কোটি টাকা বলে জানা গেছে।

যেভাবে চলছিল পাচার
পুলিশ সূত্রে খবর, পাচারকারীরা অত্যন্ত চতুরতার সঙ্গে পাচার করছিল এই বিপুল পরিমাণ নেশার সিরাপ। বিটুমিনের ড্রামের আড়ালে এই সিরাপের কার্টুনগুলো মজুত রাখা হয়েছিল।

পুলিশি অভিযানে ট্রাকটি থেকে মোট ১৪৪টি কার্টুন উদ্ধার হয়েছে। যার মধ্যে ২১ হাজার ৬০০টি বোতল কফ সিরাপ ছিল। প্রতিটি কার্টুনে গড়ে ১৫০টি করে বোতল রাখা ছিল।

চালক আটক, মালদার নাম
এই ঘটনায় ট্রাক চালক সৈয়দ আফ্রিদিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পুলিশি জেরায় সে জানিয়েছে, মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে সে মালদা থেকে মাল বহন করছিল। তবে তার দাবি— কার্টুনের ভিতরে কী রয়েছে তা সে জানত না।

পুলিশ এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কোটি টাকা মূল্যের এই নেশার সিরাপের আসল মালিক কে, এবং এই পাচার চক্রে আরও কারা যুক্ত আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।