ভারতের দীপ্তির মুখের সামনে স্প্রে পাকিস্তানের সানার, আচমকা কেন বন্ধ হয় ম্যাচ?

ভারত বনাম পাকিস্তানের ম্যাচ মানেই চরম উত্তেজনা, তবে এবার মেয়েদের বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে ক্রিকেট ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মিডল অর্ডারে ভারতের ইনিংস চলার সময় মাঠের পিচে হঠাৎই বিশাল কীটপতঙ্গের ঝাঁক ঢুকে পড়লে খেলা বন্ধ করে দিতে হয়। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা যে কাণ্ডটি ঘটালেন, তাতে গ্যালারি ও সোশ্যাল মিডিয়ায় হাসির রোল পড়েছে।
ভারতীয় মিডল অর্ডারের দুই ব্যাটার জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা যখন ক্রিজে, ঠিক তখনই ঝাঁকে ঝাঁকে কীটপতঙ্গ মাঠে আক্রমণ করে। অতিরিক্ত গরমের কারণে পাকিস্তানি ফিল্ডাররা এতে অত্যন্ত বিরক্ত হন এবং আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই দেখা যায়, পাকিস্তানের তরুণ ক্রিকেটার এয়ম্যান ফাতিমা মাঠের বাইরে দৌড়ে গিয়ে কীটনাশকের স্প্রে নিয়ে এসে অধিনায়ক ফতিমা সানার হাতে তুলে দেন।
পাক অধিনায়ক ফতিমা সানা সঙ্গে সঙ্গে সেই স্প্রে নিয়ে পিচের পপিং ক্রিজ এবং বোলারের রান-আপ এলাকাগুলিতে স্প্রে করতে শুরু করেন! পিচে স্প্রে করার সময় ঘন কুয়াশার মতো ধোঁয়া ছড়াতে থাকলে সতীর্থরা মুখ ঢেকে রাখেন। আম্পায়ারদের নির্দেশমতো দ্রুত মাঠ ছেড়ে যান ভারতের দুই ব্যাটারও।
কীটপতঙ্গের এই উপদ্রবে প্রায় পাঁচ মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে হয়। এরপর গ্রাউন্ডসম্যানরা এসে কীটনাশক স্প্রে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাঠে এমন ঘটনা আগে কখনও দেখেননি বলে জানান ধারাভাষ্যকাররাও।
খেলার উত্তেজনা মুহূর্তে মজাদার মুহূর্তে পরিণত হয়। ফতিমা সানার পিচে স্প্রে করার এই ভিডিওটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা মজা করে বলছেন, এই ম্যাচ শুধু ব্যাট-বলের লড়াই ছিল না, এটি ছিল মানুষ বনাম কীটপতঙ্গের লড়াই!
প্রসঙ্গত, এই ম্যাচের শুরুতেও উত্তেজনার পারদ চড়েছিল যখন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর দেশবাসীর ক্ষোভের কথা মাথায় রেখে পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি।