জুবিনের মৃত্যুর পরই ঝড় তুলেছে ‘ফেরারি মন’, ১০ বছর ধরে আটকে রিলিজ, কী বলছেন ভক্তরা?

বিখ্যাত অসমীয়া এবং বাংলা সঙ্গীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শুধু অসম নয়, বাংলা সঙ্গীতপ্রেমীরাও মনে করছেন এক অপূরণীয় ক্ষতি হলো। ‘বোঝে না সে বোঝে না’, ‘পিয়া রে’, ‘মন মানে না’-এর মতো একাধিক জনপ্রিয় বাংলা গানের জন্য জুবিন বাংলার শ্রোতাদের কাছে আজও সমান জনপ্রিয়।

জুবিনের মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় আচমকা ‘ফেরারি মন’ শিরোনামের তাঁর একটি অপ্রকাশিত গান ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। জানা যাচ্ছে, বহু বছর আগে কলকাতার কোনও এক রেকর্ডিং স্টুডিওতে গানটি রেকর্ড করা হলেও সেটি আজও মুক্তি পায়নি।

ইউটিউবের যে চ্যানেলটি গানটি সামনে এনেছে, তাদের দেওয়া ভিডিওটিতে জুবিনকে গানটি সদ্য রেকর্ড করতে দেখা যাচ্ছে, তবে এটি গানের ফাইনাল ভার্সন কিনা, তা নিশ্চিত নয়। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি বিস্ফোরক বার্তা দেওয়া হয়েছে। তাঁরা জানান, গত পাঁচ বছর ধরে হাজার হাজার শ্রোতা প্রশ্ন করছেন, ‘ফেরারি মন’ গানটি কবে মুক্তি পাবে।

ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ পরিষ্কার জানান: “বিশ্বাস করুন এই প্রশ্নের উত্তর একমাত্র ছবির প্রযোজক দিতে পারে। আমি শেষবার ২০১৮ সালে পুনরায় প্রযোজক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তাঁরা আমাকে জানিয়েছিল ২০১৮-র ফেব্রুয়ারিতে ছবিটা মুক্তি পাবে। এর দায় আমাদের নয়। আমরা তো গান রেকর্ডিং করতে গিয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমরাও চাই একটা সুন্দর গান যার পিছনে বহু মানুষের পরিশ্রম জড়িয়ে আছে সেটা মুক্তি পাক। কিন্তু পুরোটাই নির্ভর করছে প্রযোজক সংস্থার উপর।”

জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’ ছবির জন্য জুবিন তাঁর অন্যতম শেষ গানটি গেয়েছিলেন। এবার তাঁর মৃত্যুর পর ‘ফেরারি মন’-এর মতো একটি আবেগপূর্ণ গান অপ্রকাশিত থেকে যাওয়ায় সঙ্গীতপ্রেমীরা শোকের পাশাপাশি ক্ষোভও প্রকাশ করছেন।