ভারত থেকে এবার ট্রেনেই যাওয়া যাবে ভুটান, রেলপথের ঘোষণা করলো কেন্দ্র

ভারত ও ভুটানের মধ্যে প্রথমবার রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ঐতিহাসিক উদ্যোগ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি যৌথভাবে এই গুরুত্বপূর্ণ সীমান্ত-পার (Cross-Border) প্রকল্পের কথা জানান। এই প্রকল্পের মোট খরচ ধার্য করা হয়েছে প্রায় ৪০৩৩ কোটি টাকা

এই নতুন রেল নেটওয়ার্কের মাধ্যমে পশ্চিমবঙ্গের বানারহাটের সঙ্গে ভুটানের শিল্পাঞ্চল সামসি এবং আসামের কোকরাঝাড়ের সঙ্গে ভুটানের পরিকল্পিত শহর গেলফুর রেল যোগাযোগ স্থাপিত হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতীয় রেল কোকরাঝাড় এবং বানারহাট—এই দুটি পয়েন্ট থেকে কাজ শুরু করবে। এই প্রকল্পে মোট ৮৯ কিলোমিটার রেল নেটওয়ার্ক তৈরি করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “ভারত ভুটানের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ভুটানের বেশিরভাগ বাণিজ্যই ভারতীয় বন্দরের মাধ্যমে হয়। তাই দুই দেশের মধ্যে উন্নতমানের রেল যোগাযোগ থাকা অপরিহার্য। এর ফলে ভুটানের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সেখানকার মানুষজন সহজে গোটা বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারবেন।”

বিদেশ সচিব বিক্রম মিশ্রি নিশ্চিত করেন যে, এই সীমান্ত-পার প্রকল্পের জন্য দুই দেশের সরকার সম্মতি দিয়েছে এবং এই উপলক্ষে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য সহজ হবে। ভুটানের পণ্য সহজে ভারতে পৌঁছে বিশ্ববাজারে ছড়িয়ে যেতে পারবে, যা দেশটির আর্থিক বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি, ভারতও নিজেদের পণ্য সহজে ভুটানে পাঠাতে পারবে। বাণিজ্য ছাড়াও, পর্যটকরাও এখন ট্রেনের মাধ্যমে সরাসরি ভুটান ভ্রমণে যেতে পারবেন, যা ভুটানের পর্যটন শিল্পকে এক নতুন মাত্রা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই এই মহাপ্রকল্পের কাজ শুরু হওয়ার আশা রয়েছে।