অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর? সরকারি কর্মীদের জন্য এলো বড় আপডেট

২০২৫ সালের গোড়ার দিকে মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন (Eighth Pay Commission) ঘোষণা করলেও, সেপ্টেম্বরের শেষেও তার বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। ১৬ জানুয়ারি, ২০২৫-এ কমিশন ঘোষণার পর বলা হয়েছিল যে, ১ জানুয়ারি, ২০২৬ থেকে এটি কার্যকর হবে। তবে, এখনও পর্যন্ত কমিশনের সরকারি বিজ্ঞপ্তি, সদস্যদের নিয়োগ (ToR) বা রেফারেন্সের শর্তাবলী প্রকাশ করা হয়নি। এই অপ্রত্যাশিত বিলম্ব এখন প্রশ্ন তুলেছে—বেতন কমিশন কি ২০২৬ এর পরিবর্তে ২০২৮ সাল নাগাদ বাস্তবায়িত হতে চলেছে?
সরকারি কর্মচারী এবং ইউনিয়নগুলির মধ্যে এই নিয়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, বেতন কমিশন গঠন থেকে শুরু করে সুপারিশ বাস্তবায়ন করতে গড়ে দুই থেকে তিন বছর সময় লাগে।
পূর্ববর্তী কমিশনের সময়সীমা কী ছিল?
- ষষ্ঠ বেতন কমিশন: ২০০৬-এর অক্টোবরে গঠিত হয় এবং ২০০৮-এর অগাস্টে বাস্তবায়িত হয়। সময় লেগেছিল প্রায় ২২-২৪ মাস।
- সপ্তম বেতন কমিশন: ২০১৪-এর ফেব্রুয়ারিতে গঠিত হয় এবং ২০১৬-এর জুনে কার্যকর হয়। এক্ষেত্রে সময় লেগেছিল প্রায় ৩৩ মাস (২ বছর ৯ মাস)।
তুলনামূলক বিশ্লেষণ স্পষ্ট ইঙ্গিত দেয় যে, অষ্টম বেতন কমিশন যদি আগামী কয়েক মাসের মধ্যে গঠিত হয় এবং রিপোর্ট তৈরির পর সরকারের অনুমোদন, সংশোধন এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পূর্বের কমিশনের মতো সময় লাগে, তাহলে এর বাস্তবায়ন ২০২৮ সাল পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।
এই কমিশন কেবল বেতন বৃদ্ধি নয়, ভাতা, পেনশন ও আর্থিক নিরাপত্তার রূপরেখা নির্ধারণ করে। বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে জীবনধারণের ব্যয় কমাতে কর্মচারীরা দ্রুত কমিশনের কাজ শুরু করার দাবি জানালেও, ১ কোটি ২০ লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনভোগী এখন শুধু মূল কমিটির সদস্য নিয়োগ এবং ToR-এর অপেক্ষায়। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান শ্লথ গতি বজায় থাকলে ২০২৮ সালের আগে অষ্টম বেতন কমিশন আলোর মুখ দেখবে না। যদিও কমিশনের সুপারিশ ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে, ফলে কর্মীরা বিলম্বিত সময়ের প্রাপ্য বকেয়া (Arrears) পাবেন।