বিহার-সহ অন্যান্য রাজ্যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশনের বড় পদক্ষেপ, মোতায়েন হচ্ছেন ৪৭০ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক

সামনেই বিহার বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election), আর বছর ঘুরলেই নজর থাকবে পশ্চিমবঙ্গের বিধানসভার দিকে। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক আবহে নির্বাচন কমিশন (Election Commission of India) একটি বড় ঘোষণা করল। বিহার-সহ একাধিক রাজ্য ও উপনির্বাচনের জন্য মোট ৪৭০ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক (Central Observers) মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রবিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কারা এই পর্যবেক্ষক?
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই হবে এই পর্যবেক্ষকদের প্রাথমিক লক্ষ্য। মোট ৪৭০ জন অফিসারের এই দলে বিভিন্ন কেন্দ্রীয় পরিষেবার অভিজ্ঞ আধিকারিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩২০ জন IAS (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস)
৬০ জন IPS (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস)
৯০ জন অন্যান্য কেন্দ্রীয় পরিষেবা (যেমন: ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস – IRS, ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিস – IRAS, এবং ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস – ICAS)
প্রেস ইনফরমেশন ব্যুরোর বিজ্ঞপ্তি অনুসারে, এই কর্মকর্তারা বিহার বিধানসভা ছাড়াও জম্মু ও কাশ্মীর, রাজস্থান, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পাঞ্জাব, মিজোরাম এবং ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যের উপনির্বাচনেও নজরদারি চালাবেন।
পর্যবেক্ষকদের মূল কাজ কী?
এই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মূল দায়িত্ব হল নির্বাচনী প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, কমিশনকে তাদের পর্যবেক্ষণ রিপোর্ট জমা দেওয়া এবং নির্বাচনী উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করা। এর পাশাপাশি, নির্বাচনী ব্যয়ের ওপর কড়া নজর রাখা তাঁদের অন্যতম প্রধান কাজ।
সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২০খ ধারা অনুসারে, নির্বাচনের পরিচালনায় নিরপেক্ষতা (Impartiality), বিশ্বাসযোগ্যতা এবং ন্যায্যতা বজায় রাখতেই এই পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক পরিষেবায় তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাঁরা নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন পরিচালনার কাজকে সহায়তা করবেন। বিশেষত, উন্নয়নের প্রয়োজন এমন নির্বাচনী ক্ষেত্রগুলি চিহ্নিত করে তাঁরা কমিশনকে রিপোর্ট দেবেন।