লাদাখ অশান্তিতে গ্রেফতার ‘বাস্তবের র্যাঞ্চো’ সোনম ওয়াংচুক! FCRA বাতিল হতেই নাটকীয় পদক্ষেপ

লাদাখে রাজ্যত্বের দাবিতে চলা আন্দোলন যখন রক্তক্ষয়ী রূপ নিয়েছে, ঠিক তখনই গ্রেফতার হলেন এই প্রতিবাদের অন্যতম মুখ, পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর বিরুদ্ধে সরাসরি ‘প্ররোচনামূলক মন্তব্য করে প্রতিবাদীদের উস্কানি দেওয়ার’ গুরুতর অভিযোগ এনেছে পুলিশ।
সিনেপ্রেমীরা যাকে বলিউডের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর বাস্তবের ‘ফুনশুক ওয়াংডু’ বলে চেনেন, সেই র্যামন ম্যাগসেসে জয়ী ব্যক্তিত্বই এখন লাদাখের উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে। মাত্র একদিন আগেই ওয়াংচুক প্রকাশ্যে বলেছিলেন, এই আন্দোলনের জন্য গ্রেফতার হলেও তিনি খুশি হবেন!
গ্রেফতারির নেপথ্যে FCRA বাতিল?
ওয়াংচুকের গ্রেফতারির ২৪ ঘণ্টা আগেই তাঁর প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশনল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’ (SECMOL)-এর বিদেশি অনুদান গ্রহণের অনুমোদন (FCRA) বাতিল করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রের অভিযোগ, সংস্থাটি বিদেশি অর্থ ব্যবহার করেছে। যদিও ওয়াংচুক এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন— তাঁদের সংস্থা কোনও বিদেশি অনুদান নেয়নি, বরং জাতিসংঘ, সুইজারল্যান্ড ও ইতালির সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে কর শোধ করেছে। তিনি এটিকে ‘সরকারের ভুল বোঝাবুঝি’ বলে মন্তব্য করেন।
হিংসা ও কেন্দ্রের অভিযোগ
গত মঙ্গলবার লাদাখে তীব্র সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয় এবং ৫০ জনেরও বেশি আহত হন, যাদের মধ্যে নিরাপত্তাকর্মীরাও ছিলেন। এরপরই কেন্দ্রের কড়া পদক্ষেপ শুরু হয়।
কেন্দ্রের বক্তব্য, অশান্তির দিন ওয়াংচুক অনশন ভেঙে অ্যাম্বুল্যান্সে গ্রামে ফিরে যান, কিন্তু ভিড় নিয়ন্ত্রণে কোনও ভূমিকা নেননি। এই ঘটনার সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
কেন ফুঁসছে লাদাখ?
২০১৯ সালে জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তবে এর বিরুদ্ধে ধীরে ধীরে লাদাখবাসীর পূর্ণ রাজ্যের দাবি জোরালো হয়েছে। সোনম ওয়াংচুক শুধু রাজ্যত্বই নয়, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এনে স্বশাসনেরও দাবি জানিয়ে আসছেন।
তাঁর গ্রেফতারের পর লাদাখের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, প্ররোচনা দেওয়ার এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আরও কী কী পদক্ষেপ নেওয়া হয়।