রেলের ১০ লক্ষ কর্মচারীর জন্য সুখবর! ৭৮ দিনের বোনাসে ছাড়পত্র দিল কেন্দ্র, মোট বরাদ্দ ১৮৬৫ কোটি টাকা

দেশের রেল কর্মচারীদের জন্য সুখবর! দুর্গাপুজো ও দশেরার আগেই তাঁদের ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB)-এ ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এই বিরাট ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট রেল মন্ত্রকের ১০ লক্ষ ৯১ হাজার ১৪৬ জন কর্মচারীর জন্য এই বোনাস মঞ্জুর করেছে। এর জন্য মোট ১৮৬৫.৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কত টাকা পাচ্ছেন কর্মীরা?
এই প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের আওতায় সবচেয়ে বেশি ১৭ হাজার ৯৫১ টাকা পর্যন্ত পাবেন একজন যোগ্য কর্মচারী। প্রতি বছরই উৎসবের মরশুমের আগে রেলের যোগ্য কর্মীরা এই বোনাস পান।
কারা এই সুবিধা পাবেন?
রেল মন্ত্রকের গেজেটেড আধিকারিক নন এমন সকল কর্মীরাই এই বোনাস পাবেন। এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন—
ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী কর্মী (Track Maintainers)
লোকো পাইলট ও ট্রেন ম্যানেজার (গার্ড)
স্টেশন মাস্টার ও সুপারভাইজার
টেকনিশিয়ান থেকে টেকনিশিয়ান হেল্পার
পয়েন্টসম্যান ও মিনিস্টেরিয়াল স্টাফ
অন্যান্য গ্রুপ-সি কর্মচারীরা
কেন এই সিদ্ধান্ত?
সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ সালে রেলের কর্মীরা অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন। এই সময়ে ১৬১৪.৯০ মিলিয়ন টন রেকর্ড কার্গো পরিবহণ হয়েছে এবং প্রায় ৭৩০ কোটি সংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। কর্মীদের এই দুর্দান্ত পারফরম্যান্সকে সম্মান জানাতে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার উৎসাহ দিতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার তৃতীয় মোদি সরকার এই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে।